প্রভাসের সিনেমার সেটে বিষাক্ত মাকড়সার কামড়! মৃত্যুর সঙ্গে লড়ছেন অভিনেতা রাজেশ শর্মা

দক্ষিণের সুপারস্টার প্রভাস অভিনীত সিনেমার শুটিং সেট থেকে এল দুঃসংবাদ। শুটিংয়ের ফাঁকে বিষাক্ত মাকড়সা বা কোনো অজানা পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা। বুধবার সকালের দিকে অবস্থা কিছুটা স্থিতিশীল বলে খবর মিললেও, বেলা বাড়তেই উদ্বেগ বাড়িয়ে অভিনেতার পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে, রাজেশ শর্মার শারীরিক অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা? বিবৃতি অনুযায়ী, সিনেমার শুটিং শেষ করার পর ঘন গাছপালা ঘেরা একটি এলাকায় স্থানীয় টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলছিলেন রাজেশ। সেই সময় আচমকাই তিনি পায়ের ওপর কিছু কামড়ানোর অনুভব করেন। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও, প্রায় ছয় ঘণ্টা পর তাঁর ডান পায়ে তীব্র ব্যথা শুরু হয় এবং শরীর খারাপ লাগতে থাকে। অসুস্থ শরীরেই তিনি বিমানে কলকাতা ফেরেন। যাত্রাপথে প্রচণ্ড জ্বর এবং প্রবল শারীরিক অস্থিরতা শুরু হয় তাঁর।

কলকাতায় ফেরার পর তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, সংক্রমণ পায়ের আঙুল থেকে হাঁটু পর্যন্ত ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে এবং আক্রান্ত স্থানে বড় বড় ফোসকা দেখা দিয়েছে। বর্তমানে তিনি উচ্চমাত্রার জ্বর, শ্বাসকষ্ট এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছেন। অভিনেতার চিকিৎসায় যুক্ত ডা. অভিজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, রাজেশের অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের প্রধান ভয়ের কারণ—সংক্রমণ থেকে রক্ত জমাট বাঁধার (Blood Clot) ঝুঁকি। এই রক্ত যদি ফুসফুসে পৌঁছে যায়, তবে পরিস্থিতি প্রাণঘাতী হতে পারে।

এই কঠিন সময়ে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন টলিউডের প্রথম সারির অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরিবারের পক্ষ থেকে সুদীপা চট্টোপাধ্যায় এবং অগ্নিদেব চট্টোপাধ্যায় এক প্রেস বিবৃতিতে জানান, “আমরা সকলের প্রার্থনা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই সময়ে ক্রমাগত পরামর্শ ও সহায়তা দিয়ে পাশে আছেন।” রাজেশ শর্মার পরিবার তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সকলের কাছে প্রার্থনা চেয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর আগামীকাল তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত আপডেট দেওয়া হবে।