একের উপর চড়ে বসা ট্রেনের কামরা! বর্ধমান রেল ইয়ার্ডে উদ্ধারকাজের বড় মহড়া, কী জানাল রেল?

ট্রেন দুর্ঘটনার মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ ও বিভিন্ন সংস্থার সমন্বয় পরখ করতে বর্ধমান রেল ইয়ার্ডে যৌথ মক ড্রিল চালাল পূর্ব রেল। দুমড়ে-মুচড়ে যাওয়া কামরা, আটকে থাকা দরজা ও সংকীর্ণ পথের ভেতর থেকে যাত্রীদের নিরাপদে বের করে আনার মহড়ায় দুর্ঘটনার বাস্তবচিত্র তুলে ধরা হয়। মহড়ার সময় দুর্ঘটনার ভয়াবহতা বোঝাতে আইসিএফ (ICF)-এর দুটি পুরনো কোচ একটির উপর আরেকটি রেখে উদ্ধার প্রক্রিয়া অনুশীলন করা হয়।
হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর জানান, দুর্ঘটনার ক্ষেত্রে আইসিএফ কোচগুলো তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকায় ধাপে ধাপে সেগুলো পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে এই ধরনের কোচ ক্ষতিগ্রস্ত হলে কীভাবে দ্রুত উদ্ধার অভিযান চালাতে হবে, সে বিষয়ে প্রস্তুতি বজায় রাখা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন তিনি। জরুরি পরিস্থিতিতে এক মুহূর্তও সময় নষ্ট না করে যাতে উদ্ধারকাজ শুরু করা যায়, সেই লক্ষ্য থেকেই এই অনুশীলন আয়োজন করা হয়।
এই যৌথ মহড়ায় রেলের বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীদের পাশাপাশি অংশ নেন হাওড়া ডিভিশনের কর্মীরা, এনডিআরএফ (NDRF), দমকল, আরপিএফ (RPF) এবং রাজ্য সরকারের বিভিন্ন দফতরের প্রতিনিধিরা। কোনো বড় বিপর্যয়ের সময় সংশ্লিষ্ট সব সংস্থা কত দ্রুত একযোগে কাজ করতে পারে এবং সমন্বয় কতটা কার্যকর হয়, তা যাচাই করাই ছিল এই মহড়ার অন্যতম প্রধান উদ্দেশ্য।