ডিলিমিটেশন বিলে ইউ-টার্ন ডিএমকে-র? ‘দাবি পূরণ হয়েছে’, সমর্থনের ঘোষণা স্ট্যালিনের!

পরিসীমা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন বিল নিয়ে এতদিন কেন্দ্রের বিরোধিতা করলেও এবার সেই বিলে সমর্থনের ঘোষণা করল ডিএমকে (DMK)। দলের প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, ডিএমকে-র তোলা দুটি প্রধান দাবি লিখিতভাবে নতুন বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে, আর সে কারণেই দল এই বিলের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ অধিবেশনের ঠিক আগে ডিএমকে-র এই অবস্থান বদল এবং বিরোধী শিবিরের বৈঠকে শরদ পওয়ারের দলের অনুপস্থিতি জাতীয় রাজনীতিতে নতুন চর্চার জন্ম দিয়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ নিজের বক্তব্য তুলে ধরে স্ট্যালিন জানান যে, ন্যায্য ডিলিমিটেশন বা ফেয়ার ডিলিমিটেশনের দাবি যে বিলে রাখা হয়েছে, ডিএমকে তাকে সমর্থন করছে। গত এপ্রিলে যে দুটি দাবির ভিত্তিতে তাঁরা ডিলিমিটেশন বিলের বিরোধিতা করেছিলেন, নতুন বিলে সেগুলো লিখিত আকারে যুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। ২০২৪ সাল থেকে ডিএমকে-র ধারাবাহিক আন্দোলনের ফল হিসেবেই এই পরিবর্তন এসেছে বলে মনে করেন স্ট্যালিন, এবং এটিকে তামিলনাড়ুসহ দক্ষিণ ভারতের রাজ্যগুলোর জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে তুলে ধরেছেন।
বিলে থাকা প্রস্তাবের দিকটি তুলে ধরে স্ট্যালিন প্রশ্ন রেখেছেন যে, আবেগের বশে না ভেবে শান্তভাবে দেখা উচিত, এই ডিলিমিটেশন বিল হাতছাড়া হলে কী পরিস্থিতি তৈরি হতে পারে। তাঁর বক্তব্য অনুযায়ী, এই বিলে ১৯৭১ সালের জনসংখ্যার ভিত্তিতে সব রাজ্যে নির্বাচন কেন্দ্রের সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর সংস্থান রয়েছে। দলের সাংসদদের বৈঠকে সব দিক খতিয়ে দেখার পরই এই আকারে বিলে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি, যা তামিলনাড়ুর স্বার্থে বাস্তবসম্মত বলে দাবি করেছেন স্ট্যালিন।
এদিকে সোমবার ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হতে চলেছে, কিন্তু তার আগেই বিরোধী জোটের অন্দরে সুর ও সমন্বয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামীর কৌশল ঠিক করতে বিরোধী জোটের নেতাদের ডাকা বৈঠকে যোগ দেননি এনসিপি (এসপি)-র নেত্রী সুপ্রিয়া সুলে। শারদ পওয়ারের অসুস্থতার কারণ দেখিয়ে দিল্লি সফর সংক্রান্ত ব্যস্ততার কথা বললেও, তাঁর বক্তব্য অনুযায়ী দলের অন্য নেতাদের উপস্থিত থাকার কথা থাকলেও সূত্রের দাবি, বৈঠকে এনসিপি (এসপি)-র কোনো প্রতিনিধি অংশ নেননি। ফলে বিশেষ অধিবেশন শুরুর প্রাক্কালে বিরোধী শিবিরের ঐক্য ও কৌশলগত অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।