কাজের খোঁজে গিয়ে ভয়াবহ পরিণতি! চার বছরের প্রেমের ইতি ছুরির আঘাতে, গ্রেপ্তার যুবক!

কাজের সন্ধানে বেঙ্গালুরুতে এসে লজের ঘরের মধ্যে ২২ বছর বয়সি এক তরুণীকে ছুরি দিয়ে আঘাত করে খুনের অভিযোগ উঠল তাঁর প্রেমিকের বিরুদ্ধে। প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক থাকলেও অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের সন্দেহ থেকেই এই বচসা ও প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তরুণীর, আর এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম গঙ্গা এবং তাঁর বাড়ি কেরলের আদুরে। অভিযুক্ত ২৩ বছর বয়সি গোকুল কৃষ্ণ কেরলের কোল্লাম জেলার বাসিন্দা। দু’জনেই একসঙ্গে নার্সিংয়ের পড়াশোনা শেষ করেছিলেন এবং দীর্ঘ চার বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, গত ২৬ নভেম্বর বেঙ্গালুরুতে পৌঁছে কটনপেট এলাকার ওটিসি রোডের একটি বেসরকারি লজে ওঠেন গঙ্গা ও গোকুল। গঙ্গা সেখানে কাজের সন্ধানে গিয়েছিলেন এবং তাঁর সঙ্গেই বেঙ্গালুরুতে পৌঁছন গোকুল।

অভিযোগ, পরদিন অর্থাৎ ২৭ নভেম্বর সকালে গঙ্গার অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে—এই সন্দেহ ঘিরে দু’জনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। কথা কাটাকাটি একপর্যায়ে চরমে উঠলে অভিযুক্ত ছুরি দিয়ে গঙ্গার পেটে আঘাত করেন বলে অভিযোগ। রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় লজের ঘরে পড়ে থাকেন তরুণী। ঘটনার পর লজের কর্মীদের বিষয়টি জানান গোকুল, এবং তাঁরাই পুলিশে খবর দেন। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গঙ্গাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে লজে পৌঁছন পুলিশ আধিকারিক ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহের পাশাপাশি ঘটনার পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। কটনপেট থানায় খুনের মামলা রুজু করে অভিযুক্ত গোকুল কৃষ্ণকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ঘটনার পেছনের বিস্তারিত কারণ জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।