দাদাগিরি ছেড়ে ‘বিগ বস বাংলা’র হোস্ট সৌরভ! ঘরে কি সত্যিই ঢুকছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ? শোরগোল নেটপাড়ায়!

টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এখন সবচেয়ে বড় চর্চার বিষয় হল ‘বিগ বস বাংলা’। এই রিয়েলিটি শোয়ের সম্ভাব্য প্রতিযোগী তালিকা নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। শো শুরু হওয়ার আগেই নানা জল্পনা ডালপালা মেলেছে। শোনা যাচ্ছে যশ-নুসরত থেকে শুরু করে জিতু কমলের নাম। কনটেন্ট ক্রিয়েটার সায়ক চক্রবর্তীর নামও বেশ জোরেশোরে শোনা যাচ্ছে, যদিও তিনি নিজে বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি। স্যান্ডি সাহার নাম উটে এলেও তিনি যে যাচ্ছেন না, তা একপ্রকার নিশ্চিত। আগামী ৩০ বা ৩১ আগস্ট থেকে শুরু হতে চলা এই শোয়ের জন্য কাউন্টডাউন শুরু হয়ে গেছে।

তবে সমস্ত জল্পনাকে ছাপিয়ে সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে বাংলার এক পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বের নাম। সূত্রের খবর, বিজেপি নেত্রী কেয়া ঘোষকে নাকি বিগ বসের ঘরে দেখার সম্ভাবনা নিয়ে জোরালো আলোচনা চলছে। চ্যানেল কর্তৃপক্ষ তাঁর সঙ্গে যোগাযোগও করেছিল। প্রথমে হোয়াটসঅ্যাপে একটি স্মাইলি ইমোজি পাঠিয়ে তিনি বিষয়টি পাকা বলে ইঙ্গিত দিলেও, পরবর্তীতে স্পষ্ট করেন যে শোয়ের অফার এলেও কাজের ব্যস্ততার কারণে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

বাংলায় এর আগে দু’বার বিগ বস আয়োজিত হলেও এবারের উত্তেজনার পারদ একেবারেই আলাদা। কারণ এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকছেন খোদ ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘দাদাগিরি’র পাট চুকিয়ে তিনি মোটা অঙ্কের চুক্তিতে স্টার চ্যানেলের সঙ্গে এই নতুন যাত্রার পথ বেছে নিয়েছেন। ফলে ক্রিকেটের মহারাজের সঞ্চালনায় এই বিতর্কিত রিয়েলিটি শো দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।