‘দঙ্গল’-এর আগে কেউ চিনত না! বলিউডে ১০ বছর পূর্ণ করে অকপট ফাতিমা সানা শেখ

 

বলিউডে এক দশক পূর্ণ করলেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। দশ বছর আগে ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করে রাতারাতি পরিচিতি ও সাফল্য পান তিনি। অভিনয় জীবনে ১০ বছর পেরিয়ে আসার পর সেই শুরুর দিনগুলোর নানা অভিজ্ঞতা ও পুরনো স্মৃতির কথা ভাগ করে নিয়েছেন ফাতিমা।

‘দঙ্গল’ কীভাবে তাঁর জীবন বদলে দিয়েছে, সে প্রসঙ্গে ফাতিমা বলেন, “‘দঙ্গল’ এমন একটি সিনেমা যা আমাদের সবাইকে অনেক কিছু দিয়েছে। সিনেমাটি আমাকে সুযোগ, স্বীকৃতি এবং সম্মান দিয়েছে। অবশ্যই, আমার জীবন বদলে দিয়েছে।”

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও বড়পর্দায় নিজের জায়গা তৈরি করতে তাঁকে বেশ কঠিন লড়াই করতে হয়েছে। ফাতিমার মতে, ‘দঙ্গল’ মুক্তি পাওয়ার আগে তাঁর আলাদা কোনও পরিচিতি ছিল না। এ বিষয়ে তিনি বলেন, “‘দঙ্গল’ সিনেমার আগে পর্যন্ত আমি কেউ ছিলাম না। কিন্তু এই ছবিতে অভিনয় করার পর আমি এমন একটি জায়গায় পৌঁছেছিলাম যে তারপর থেকে আমি আমার পছন্দের সিনেমা বেছে নিতে পারতাম। তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। কারণ এমন সুযোগ খুবই কম আসে।”

ইন্ডাস্ট্রিতে বাইরের মানুষ হয়েও এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র পাওয়ার অভিজ্ঞতাকেও বিশেষভাবে তুলে ধরেছেন অভিনেত্রী। ফাতিমার কথায়, “একজন বহিরাগত হিসেবে এমন একটি সিনেমায় সুযোগ পাওয়া যা সাধারণ রোম্যান্স নয় বরং সত্যিকারের চ্যালেঞ্জিং একটি সিনেমা। বিশেষ করে মেয়েদের জন্য এমন শারীরিক এবং মানসিকভাবে চ্যালেঞ্জিং চরিত্র খুবই কম লেখা হয়। এটা ছিল আমার জীবনের সেরা চরিত্র।”

মুক্তির এক দশক পরেও ‘দঙ্গল’-এর প্রভাব যে কমেনি, তাও মনে করিয়ে দিয়েছেন ফাতিমা। তিনি জানান, “মনে হয় না দশ বছর হয়ে গিয়েছে। এখনও অনেকে বলেন তাঁরা তাঁদের পাঁচ-ছয় বছর বয়সি সন্তানদের অনুপ্রাণিত করার জন্যই সিনেমাটি দেখিয়েছেন। এটি এমন একটি সিনেমা যা এতদিন পরেও মানুষকে স্পর্শ করতে পারে, তাই এই ছবির সঙ্গে যুক্ত হতে পারা সত্যিই গর্বের।”