টলিউডে ভোটের উত্তাপ! বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নাকি মেগা ফাইট? বড় আপডেট গিল্ড নির্বাচনে!

টলিউডের অন্দরে এখন নির্বাচনের পারদ তুঙ্গে। স্টুডিও পাড়ায় থমথমে মেজাজ আর জোরদার সমীকরণের খেলা। আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে টলিউডের বিভিন্ন গিল্ডের হাই-ভোল্টেজ নির্বাচন। ইতিমধ্যেই একাধিক গিল্ডের মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হতেই সামনে এসেছে চরম বৈপরীত্যের ছবি। কোথাও প্রার্থীর ছড়াছড়ি ও কড়া টক্কর, আবার কোথাও বিরোধী শূন্য মাঠে একচ্ছত্র জয়!
সবচেয়ে বেশি নজর কেড়েছে মেকআপ গিল্ড, ক্যাটওয়াক গিল্ড এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ড। মেকআপ গিল্ডে মাত্র ৯টি পদের জন্য লড়াইয়ে নেমেছেন ৩৬ জন প্রার্থী। একইভাবে ক্যাটওয়াক গিল্ডের ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭ জন। সবচেয়ে বড় চমক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ডে, যেখানে ১৩টি পদের জন্য জমা পড়েছে রেকর্ড ৪৯টি মনোনয়ন। ফলে এই ক্ষেত্রগুলিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত স্পষ্ট।
এর ঠিক বিপরীত চিত্র দেখা গিয়েছে লাইটমেন ইউনিয়ন ও ড্রাইভার গিল্ডে। লাইটমেন ইউনিয়নের ১৫টি এবং ড্রাইভার গিল্ডের ৯টি পদের প্রতিটিতে বিরোধী পক্ষ কোনো প্রার্থী না দেওয়ায় সম্পূর্ণ কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।
ভোটের দিন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি নজরদারি এবং পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি অভিনেতা মিঠুন চক্রবর্তী গিল্ডের নানা অনিয়ম নিয়ে সরব হওয়ার পর থেকেই এই নির্বাচনকে ঘিরে টলিউডের বাতাসে জল্পনা চরমে পৌঁছেছে।