টলিউডে একঝটকায় বদলাচ্ছে সমীকরণ! একসঙ্গে ৫টি নতুন সিনেমার মেগা ঘোষণা করে বোমা ফাটাাল প্রযোজনা সংস্থা

টলিউড মানেই দীর্ঘদিন ধরে চলে আসা গৎবাঁধা কিছু গল্প, চেনা ছকের বিনোদন এবং গতানুগতিক ফর্মুলার ভিড়। ঠিক এই একঘেয়েমি কাটিয়ে বাংলা সিনেমার বাণিজ্যিক পরিসরে এক বিরাট ও সাহসী পরিবর্তনের ইঙ্গিত দিল নতুন প্রযোজনা সংস্থা ‘অ্যাম্পল ড্রিম ডেভেলপার্স’। গত ২২ অগস্ট কলকাতার এক অভিজাত হোটেলের এনএক্স এলিটে আয়োজিত এক বর্ণাঢ্য পোস্টার উন্মোচন অনুষ্ঠানে একসঙ্গে পাঁচটি নতুন সিনেমার ঘোষণা করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন প্রযোজক ড. অমিত কুমার সিনহা। এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিগুলির পরিচালক, তারকা অভিনেতা-অভিনেত্রী, কুশলী এবং বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

একসঙ্গে ঘোষিত পাঁচটি ছবির গল্পের বিন্যাসে রয়েছে দারুণ বৈচিত্র্য। কোনো ছবিতে রয়েছে মনস্তাত্ত্বিক টানাপোড়েন ও খুনের রহস্য, আবার কোনোটিতে প্রাধান্য পেয়েছে মানুষের নিখাদ আবেগ, জটিল সম্পর্ক এবং জীবনের অজানা পথচলা। সীমান্ত পেরিয়ে যাওয়ার মতো ভিন্নধর্মী গল্পের সম্ভাবনাও রয়েছে এই তালিকায়। ফলে প্রতিটি ছবিকে একই ছাঁচে না ফেলে তাদের স্বকীয় আবহ, আলাদা গল্প এবং নিজস্ব দর্শক তৈরি করার লক্ষ্য নিয়েছে প্রযোজনা সংস্থা। প্রযোজক ড. অমিত কুমার সিনহার সুদূরপ্রসারী ভাবনাতেও সেই ভিন্নতারই প্রতিফলন ঘটেছে। তাঁর মূল উদ্দেশ্য শুধু একটি ছবি বানিয়ে থেমে থাকা নয়, বরং বাংলা সিনেমাকে ঘিরে এমন এক স্বনির্ভর পরিসর তৈরি করা যেখানে সাহসী ও নতুন ধরনের গল্পের পাশাপাশি নতুন প্রতিভারাও সহজে নিজেদের জায়গা করে নিতে পারেন। নতুন মুখের সঙ্গে অভিজ্ঞ শিল্পীদের মেলবন্ধন ঘটিয়ে এমন সিনেমা তৈরি করা তাঁর লক্ষ্য, যা একদিকে চিন্তাশীল দর্শককে টানবে, অন্যদিকে সাধারণ দর্শকের বিনোদনের চাহিদাও পূরণ করবে।

এই মেগা প্রজেক্টের তালিকায় প্রথমেই রয়েছে দীপ মাইতির পরিচালনায় রহস্য ও উত্তেজনার মোড়কে তৈরি ছবি ‘স্লেয়ার’। অভিনয়ে রয়েছেন আরিয়ান ভৌমিক, শুভাঙ্কী ধর, সুপ্রিয় দত্ত ও শায়ন মুখোপাধ্যায়ের মতো তারকারা। দ্বিতীয় ছবি ‘তুমি এলে তাই’-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন রত্নাকর কর্মকার, যেখানে একফ্রেমে দেখা যাবে মৈনাক বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু ও মৌবনী সরকারের মতো ঝাঁ চকচকে তারকাদের। তৃতীয় ছবি অরিজিৎ দের পরিচালনায় ‘এক তারা’, যেখানে দেখা যাবে ওম সাহানি ও রায়তী ভট্টাচার্যকে। চতুর্থ ছবি প্রতীক সরকারের পরিচালনায় ‘সি/ও এ জার্নি’, যেখানে অভিনয় করবেন বনি সেনগুপ্ত, দর্শনা বণিক এবং শিলাজিৎ মজুমদার। পঞ্চম তথা শেষ ছবি ড. কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘হাবুল’, যেখানে স্ক্রিন শেয়ার করবেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং ইভান সিনহা। উল্লেখ্য, ২২ অগস্ট তারিখটি প্রযোজক পরিবারের কাছেও বিশেষভাবে স্মরণীয়, কারণ সেদিনই ছিল তাঁর ছেলে ইভান সিনহার জন্মদিন। দুই আনন্দের মিলনে দিনটি আরও অর্থবহ হয়ে উঠেছে।