চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে গণধোলাই! বসিরহাটে পুলিশের জালে ‘ঠগ’ বাবা-ছেলে

রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মাঝেই এবার সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল এক সিআইএসএফ (CISF) জওয়ানের বিরুদ্ধে। অভিযুক্ত জওয়ানের নাম আবদুল মালেক এবং তাঁর সহযোগী ছেলে নিজামউদ্দিন গাজিকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ। অভিযোগ, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর, বিশেষ করে রেলে চাকরি দেওয়ার নাম করে তাঁরা বসিরহাট এলাকার বহু যুবকের কাছ থেকে প্রায় ৩৮ লক্ষ টাকা হাতিয়েছেন।

স্থানীয় সূত্রে খবর, এক এক জন চাকরিপ্রার্থীর কাছ থেকে ৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। কিন্তু দিনের পর দিন পেরিয়ে গেলেও চাকরির দেখা না মেলায় সন্দেহ দানা বাঁধে। মঙ্গলবার রাতে ধৈর্য হারিয়ে স্থানীয় বাসিন্দারা ওই জওয়ান ও তাঁর ছেলেকে আটকে রেখে বিক্ষোভ দেখান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে।

ইতিমধ্যেই ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। রাজ্যে যখন পার্থ চট্টোপাধ্যায় বা জীবনকৃষ্ণ সাহার মতো হেভিওয়েট নেতারা নিয়োগ কেলেঙ্কারিতে জেলবন্দি, ঠিক সেই আবহে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে ওঠা এই প্রতারণার অভিযোগ নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।