চলন্ত বাইকে অজয়ের সেই আইকনিক এন্ট্রি আজও অমর! না ফেরার দেশে ‘ফুল অউর কাঁটে’ খ্যাত পরিচালক কুকু কোহলি!

বলিউড ইন্ডাস্ট্রিতে ফের নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হয়েছেন নব্বইয়ের দশকের অন্যতম সফল ও জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কুকু কোহলি। গত মঙ্গলবার, ২৫ আগস্ট মুম্বইয়ের নামী কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। প্রখ্যাত অভিনেত্রী তথা তাঁর স্ত্রী অরুণা ইরানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, হঠাৎই হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানেই তাঁর জীবনাবসান ঘটে।
পরিচালক হিসেবে কুকু কোহলির কেরিয়ার শুরু হয়েছিল এক ইতিহাস সৃষ্টির মাধ্যমে। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফুল অউর কাঁটে’ ছবির হাত ধরে তিনি প্রথম পরিচালনার জগতে পা রাখেন। আর এই ছবির মাধ্যমেই বলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন সুপারস্টার অজয় দেবগণ। ছবিটির সেই ঐতিহাসিক দৃশ্য—চলন্ত দুটি মোটরবাইকের উপর দুই পা রেখে অজয় দেবগণের এন্ট্রি, যা আজও ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা এবং রোমাঞ্চকর এন্ট্রি হিসেবে স্মরণ করা হয়। প্রথম ছবিতেই বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়ার পর কুকু কোহলিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
চলচ্চিত্র জগতে আসার আগে তিনি কিংবদন্তি পরিচালক রাজ কাপুর এবং পরবর্তীতে রাহুল রাওয়েলের সহকারী হিসেবে দীর্ঘ সময় কাজ করেছিলেন। রাহুল রাওয়েলের সঙ্গে ‘বেতাব’ ও ‘অর্জুনের’ মতো সুপারহিট ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাঁর নিজস্ব পরিচালনা শৈলী তৈরিতে সাহায্য করেছিল। নব্বইয়ের দশক এবং তার পরবর্তী সময়ে তিনি একের পর এক কমার্সিয়ালি সফল ছবি উপহার দেন। তাঁর ঝুলিতে রয়েছে ‘সুহাগ’, ‘হকিকত’, ‘আনারি নম্বর ওয়ান’, ‘জুলমি’ এবং ‘ইয়ে দিল আশিকানা’-র মতো জনপ্রিয় সব চলচ্চিত্র। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওহ তেরা নাম থা’ ছিল তাঁর পরিচালিত শেষ ছবি।
পরিচালকের প্রয়াণের খবর প্রথম প্রকাশ্যে আনেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও পরিচালক অশোক পণ্ডিত। তিনি গভীর শোক প্রকাশ করে জানান যে, কুকু কোহলি অত্যন্ত প্রাণোচ্ছ্বল ও হাসিখুশি একজন মানুষ ছিলেন। তাঁর এই আকস্মিক প্রস্থান সহজে মেনে নেওয়া যায় না। অন্যদিকে, স্ত্রী অরুণা ইরানির মুখপাত্র জানান যে সোমবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। প্রথমে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল মনে হলেও মঙ্গলবার বিকেলে ফের মারাত্মক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী অরুণা ইরানি ছাড়াও প্রথমপক্ষের স্ত্রী রিতা কোহলির দুই সন্তান পূজা ও করিশ্মাকে রেখে গেছেন। তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতের এক বর্ণময় অধ্যায়ের সমাপ্তি ঘটল।