উৎসব কি শুধু নির্দিষ্ট ধর্মের? সিঁদুর পরে দেবীবরণ নিয়ে ওঠা বিতর্কে কড়া অবস্থান অভিনেত্রীর

দশমীর সকালে লালপাড় সাদা শাড়ি, সিঁথিভরা সিঁদুর আর হাতে শাঁখা-পলায় সেজে দুর্গা মাকে বরণ করে সিঁদুর খেলায় মেতেছিলেন অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান। তাঁর সেই সাবেকি সাজে যেমন ছিল আনন্দের আমেজ, তেমনই সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র বিতর্ক। অন্য ধর্মের মানুষ হয়ে কেন তিনি হিন্দু ধর্মের আচার পালন করছেন, সেই প্রশ্ন তুলে কটাক্ষের বাণ হানেন নেটাগরিকদের একাংশ। তবে সমালোচনার মুখে বিন্দুমাত্র বিচলিত না হয়ে নিজের বিশ্বাস ও ব্যক্তিগত পছন্দের কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন অভিনেত্রী।
দশমীতে পাইক বাড়িতে দুর্গা মাকে বরণ করার সময় অভিনেত্রীর সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা। অতীতেও নানা পুজোয় অংশ নেওয়ার সুবাদে ট্রোলের শিকার হয়েছেন নুসরত। তবে এবার সংবাদমাধ্যমের সামনে নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী বলেন, “আমার কমেন্টেও অনেকে অনেক কিছু লিখছে। যাঁদের মনে হয় তাঁরা নিজের ধর্মের বিষয়ে সব কিছু জানেন, তাঁদের চেয়ে হয়তো একটু বেশি আমি জানি। সেটা আমার আত্মবিশ্বাস।” তিনি আরও যোগ করেন, “আপনার বিশ্বাস আপনার কাছে রাখুন। আপনিও ভালো থাকুন, আমিও নিজেকে ভালো রাখছি।”
নুসরতের স্পষ্ট বার্তা, উৎসব সকলের হয় এবং তিনি চিরকাল সব উৎসব পালন করে এসেছেন। যাঁদের মনে প্রশ্ন জাগে, তাঁদের উদ্দেশে অভিনেত্রীর সাফ জবাব— অন্য ধর্মের হয়েও বিশ্বাসের সঙ্গে মায়ের আরাধনা করা বা সিঁদুর খেলায় মেতে ওঠার জন্য কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিতর্ক, নিখিল জৈনের সঙ্গে বিয়ে থেকে শুরু করে রাজনৈতিক ও পেশাগত জীবনের নানা অধ্যায় বারবার তাঁর নামের সঙ্গে জাড়িয়েছে। তা সত্ত্বেও নিজের জীবন ও উৎসব পালনের স্বাধীনতাকে অন্যের অনুমোদনের ওপর নির্ভরশীল করতে রাজি নন নুসরত। তাঁর কাছে উৎসব মানে আনন্দ আর বিশ্বাস মানে নিজের মতো করে বাঁচার অধিকার।