ইনস্টাগ্রামের এক রিল ভিডিওই কাল হলো! চার কোটি ফলোয়ারের নোরা ফাতেহির বিরুদ্ধে কোটি টাকার মামলা এভিয়েশন কোম্পানির

চার্টার্ড বিমানকে ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ বলে অভিহিত করে মারাত্মক আইনি বিপাকে জড়িয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। বিমান সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জেরে তাঁর বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছে ‘ডিউনস এভিয়েশন’ নামের একটি খ্যাতনামা এভিয়েশন কোম্পানি। আগামী ২৫ সেপ্টেম্বর গান্ধিনগর আদালতে এই হাই-প্রোফাইল মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

পিটিআই সূত্রে জানা যায়, এই বিতর্কের সূত্রপাত ঘটে গত বছরের ডিসেম্বরে। মুম্বই থেকে জয়পুর যাওয়ার পথে একটি ‘সেসনা সাইটেশন সিজে 2’ চার্টার্ড বিমানে ভ্রমণকালে নোরা ফাতেহি কিছু ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিওগুলো তিনি তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। ওই পোস্টে বিমানটিকে ‘ছোট আকৃতির’, ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ বলে ব্যঙ্গ করেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে নোরার চার কোটিরও বেশি অনুসারী থাকায় সেই ভিডিওটি মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

ডিউনস এভিয়েশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নোরার এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কেবল সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ থাকেনি, এর ফলে তাদের ব্যবসায়িক ক্ষেত্রে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। কোম্পানি জানিয়েছে, অভিনেত্রীর এই পোস্টের পর থেকেই তাদের ফ্লাইট বুকিং ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমে গেছে এবং বুকিং বাতিলের হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে একদিকে যেমন তাদের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে, অন্যদিকে তেমনি দীর্ঘদিনের অর্জিত ব্যবসায়িক সুনামেও বড় ধরণের দাগ পড়েছে।

এপ্রিল মাসে দায়ের করা এই মামলায় বিমান সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে যে, বিপুল সংখ্যক ফলোয়ার থাকা একজন দায়িত্বশীল শিল্পীর কাছ থেকে এমন আচরণ অত্যন্ত অনভিপ্রেত। বিমানটির নিরাপত্তা এবং উপযোগিতা নিয়ে নোরার করা মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে সংস্থাটি। ডিউনস এভিয়েশনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, ব্যবহৃত ‘সেসনা সাইটেশন সিজে 2’ বিমানটি সম্পূর্ণ উড়ানের উপযুক্ত ছিল, যা ডিজিসিএ (DGCA) দ্বারা যথাযথভাবে সনদপ্রাপ্ত এবং একটি বৈধ এনএসওপি-র আওতায় আইনসম্মতভাবেই পরিচালিত হচ্ছিল।

৩ কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি, ডিউনস এভিয়েশন আদালতের কাছে আবেদন জানিয়েছে যেন নোরা ফাতেহির সোশ্যাল হ্যান্ডেল থেকে বিমান-সংক্রান্ত বিতর্কিত পোস্টগুলো অবিলম্বে অপসারণ করা হয়। একই সঙ্গে অভিনেত্রীকে এ বিষয়ে জনসমক্ষে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে চলতি বছরে ‘সরকে চুনার’ গানের অশ্লীলতার অভিযোগেও বিতর্কে জড়িয়েছিলেন নোরা এবং নারী কমিশনের তলবের মুখে পড়েছিলেন।