অরিজিতের ছাদে ঘুড়ি ওড়ালেন আমির খান! মুম্বই ছেড়ে সোজা মুর্শিদাবাদে সুপারস্টার, বড় চমকের অপেক্ষায় বলিউড

মুর্শিদাবাদের শান্ত জনপদ জিয়াগঞ্জে হুলুস্থুল! বলিউডের ‘চকলেট হিরো’ আমির খান হঠাৎ হাজির জিলিপিপট্টিতে। লক্ষ্য? ভারতের সুরসম্রাট অরিজিৎ সিং-এর মান ভাঙানো। দিন ছ’য়েক আগে অরিজিৎ সমাজমাধ্যমে ঘোষণা করেছিলেন, তিনি আর নতুন কোনো ‘প্লেব্যাক’ গান করবেন না। এই ঘোষণায় যখন কোটি কোটি ভক্তের হৃদয় ভেঙেছে, তখনই ত্রাতা হিসেবে মুম্বই থেকে সড়কপথে সোজা অরিজিতের বাড়িতে এসে পৌঁছালেন আমির খান।
সূত্রের খবর, রবিবার রাতে কোনো রকম প্রচার ছাড়াই কড়া নিরাপত্তায় কলকাতায় নামেন আমির। সেখান থেকে সরাসরি গাড়ি নিয়ে পৌঁছে যান অরিজিতের ডেরায়। রাত কাটিয়েছেন গায়কের বাড়িতেই। সোমবার সকালে দুই মহাতারকাকে দেখা গেছে অরিজিতের ছাদে ঘুড়ি ওড়াতে! জিয়াগঞ্জের মানুষের কাছে এ যেন অবিশ্বাস্য এক দৃশ্য। ‘সমু’র স্টুডিওতে আমির খানের প্রবেশের ভিডিও ইতিমধ্যে ভাইরাল। দাবার প্রতি টান এবং সমাজসেবার মানসিকতা এই দুই প্রচারবিমুখ তারকাকে দীর্ঘদিনের বন্ধু করে তুলেছে। ‘দঙ্গল’ বা ‘লাল সিং চাড্ডা’র মতো ছবিতে আমিরের জন্য অরিজিতের গাওয়া প্রতিটি গানই ইতিহাস গড়েছে।
ওয়াকিবহাল মহলের ধারণা, অরিজিতের এই ‘সন্ন্যাস’ আটকাতেই আমিরের এই ঝটিকা সফর। গায়কের ওপর আমিরের অন্ধবিশ্বাস সুবিদিত। এর আগে এড শিরান বা সেলিম মার্চেন্টের মতো তারকারা জিয়াগঞ্জে এলেও, আমিরের আসাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন প্রশ্ন একটাই—মিস্টার পারফেকশনিস্ট কি পারবেন জিয়াগঞ্জের ভূমিপুত্রকে তাঁর সিদ্ধান্ত থেকে সরাতে? গায়কের স্টুডিওতে কী নিয়ে আলোচনা চলছে, তা জানতে চাতক পাখির মতো চেয়ে আছেন আসমুদ্র হিমাচল।