স্ত্রীর কথা না শুনে কেন কাজে ডুবে মনোজ বাজপেয়ী? ফাঁস করলেন জীবনের বড় সত্য!

বলিউডের অন্যতম দাপুটে অভিনেতা মনোজ বাজপেয়ী। সম্প্রতি নেটফ্লিক্সের সিরিজ ‘গজব রাত’-এ দর্শকদের নজর কাড়ার পর এবার তিনি হাজির হলেন কপিল শর্মার জনপ্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে। সহ-অভিনেতা আশুতোষ রানার সঙ্গে এই কমেডি শোয়ে এসেই নিজের ব্যস্ততা ও পারিবারিক জীবন নিয়ে অকপট স্বীকারোক্তি দিলেন মনোজ।
পরিবার ও মেয়ে আভাকে পর্যাপ্ত সময় না দিয়ে কেন লাগাতার কাজ করে চলেছেন—স্ত্রীর এই অভিযোগের জবাবে মনোজ স্পষ্ট জানালেন, এখন তাঁর কাছে বিশ্রামের চেয়ে কাজই আগে। শোয়ের সঞ্চালক কপিল শর্মা যখন একের পর এক প্রজেক্ট সামলানোর পাশাপাশি নিজের জন্য সময় বের করার প্রসঙ্গ তোলেন, তখন মনোজ বলেন, “একটা সময় যখন বিশ্রাম করতে চাইনি, বাধ্য হয়ে বিশ্রাম করতে হয়েছে। এখন যখন কাজ আসছে, আমি কাজ করছি। আরাম পরে করব। আগে জীবনে অনেক রবিবার ছিল, এখন আমি সোমবারকেই বেশি উপভোগ করি।”
বিরতি নেওয়ার পরামর্শ যাঁরা দেন, তাঁদের উদ্দেশ্যেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেতা। মনোজের কথায়, “আমায় অনেক মানুষই বলেন আমার বিরতি নেওয়া উচিত, বাড়িতে কিছুটা সময় দেওয়া উচিত। কিন্তু আমি সবসময় মনে করি, আগে যখন আমি বাড়ি থাকতাম, আমার স্ত্রীই বলত বাইরে গিয়ে কাজ খোঁজার জন্য। আর এখন ও আমায় পরিবারকে সময় দেওয়ার কথা বলে, বলে মেয়েকে যেন সময় দিই, ও বড় হচ্ছে। আমি উত্তরে বলি, ভালো তো, ও বাবাকে কাজ করতে দেখে বড় হচ্ছে।”
১৫ বছর বয়সী মেয়ে আভাকে নিয়েও এদিন মজার তথ্য ভাগ করে নেন মনোজ বাজপেয়ী। অভিনেতা জানান, আভা তাঁর জীবনের সবচেয়ে বড় সমালোচক। তবে বাবার কাজের কড়া সমালোচক হলেও আভা হিন্দি ছবির বদলে হলিউডের সিনেমা দেখতেই বেশি ভালোবাসে।