২৭ সপ্তাহের বেশি গর্ভাবস্থা, জীবনের ঝুঁকি সত্ত্বেও গর্ভপাতের রায় কেন আদালতের?

ধর্ষণের শিকার এক নাবালিকার গর্ভপাতের আবেদনে সাড়া দিয়ে কেরালা হাইকোর্ট গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। নির্যাতিতার ইচ্ছাকে গুরুত্ব দিয়ে আদালত ২৭ সপ্তাহের বেশি সময়ের ভ্রূণ গর্ভপাতের অনুমতি দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসকদের পরামর্শ সত্ত্বেও ৩২ সপ্তাহের বেশি সময় গর্ভধারণ চালিয়ে যেতে রাজি ছিলেন না ওই নাবালিকা। যদিও আদালত গঠিত মেডিকেল বোর্ড সতর্ক করেছে যে এই গর্ভপাত প্রক্রিয়ায় নির্যাতিতার জীবনের ঝুঁকি তৈরি হতে পারে।

বিচারপতি হরিশঙ্কর ভি. মেনন মন্তব্য করেন, আবেদনকারী যেহেতু একজন নাবালিকা এবং পড়াশোনা করে, তাই তাঁর ইচ্ছাকে সর্বোচ্চ সম্মান দেওয়া প্রয়োজন। আদালত জানান, ঘটনার প্রেক্ষাপট ও আইনি অবস্থান খতিয়ে দেখে আবেদনকারীর আর্জি অবিলম্বে মঞ্জুর করা উচিত।

মেডিকেল বোর্ডের ঝুঁকির সতর্কবার্তা

আদালতের নির্দেশে গঠিত মেডিকেল বোর্ড নাবালিকাকে পরীক্ষা করার পর তাদের প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে জানানো হয়েছে যে, গর্ভাবস্থার এই পর্যায়ে গর্ভপাত করালে অতিরিক্ত রক্তপাত, প্লাসেন্টা আটকে থাকা, জরায়ু ফেটে যাওয়া, সময়ের আগেই ঝিল্লি ফেটে যাওয়া এবং সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

এ ছাড়া অ্যানেস্থেসিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট এবং এমনকি নির্যাতিতার মৃত্যুর মতো ঝুঁকির কথাও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। ভবিষ্যতে নির্যাতিতার গর্ভধারণের সক্ষমতার উপরেও এই প্রক্রিয়া বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মেডিকেল বোর্ড।

রাজ্য সরকারকে আদালতের নির্দেশ

গর্ভধারণ চালিয়ে যেতে নাবালিকার অনিচ্ছার কথা বিবেচনা করে তাঁর সম্মতি সংক্রান্ত হলফনামা নেওয়ার পর অবিলম্বে গর্ভপাতের ব্যবস্থা করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কেরালা হাইকোর্ট।

শিশুটির বেঁচে থাকা বা মৃত্যুর সম্ভাবনা নিয়েও স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্ট জানিয়েছে, গর্ভপাতের পর শিশুটি বেঁচে থাকলে রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তার যত্ন নেবে; আর নির্যাতিতা শিশুটিকে রাখতে না চাইলে শর্তহীনভাবে শিশু যত্ন কেন্দ্র বা বিশেষায়িত দত্তক সংস্থার হাতে তুলে দেওয়া যাবে। অন্যদিকে শিশুটি না বাঁচলে ভবিষ্যতের শনাক্তকরণ প্রক্রিয়ার স্বার্থে ডিএনএ, আঙুলের ছাপ ও অন্যান্য পরীক্ষার জন্য ভ্রূণের টিস্যু এবং রক্তের নমুনা সংরক্ষণ করতে হবে হাসপাতালকে, যেহেতু এই ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে।