হোটেলে লোহার চাবির বদলে কেন প্লাস্টিকের কার্ড? জানুন আসল কারণগুলো

হোটেলে চেক-ইন করার সময় চাবির বদলে ছোট প্লাস্টিকের কার্ড হাতে পাওয়া এখন অতি পরিচিত দৃশ্য। সেই কার্ড ছুঁইয়ে বা সোয়াইপ করে দরজা খুলে সহজেই ঘরে ঢোকেন অতিথিরা। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, পুরোনো ধাতব চাবির পরিবর্তে কেন ইলেক্ট্রনিক কি-কার্ডের ব্যবহার এত বেড়েছে?

এর পেছনে কেবল আধুনিক প্রযুক্তির ছোঁয়া নয়, বরং নিরাপত্তা ও পরিচালনার সুবিধার বিষয়টি বড় ভূমিকা রেখেছে। সময়ের সঙ্গে হোটেলের সংখ্যা বেড়েছে, বেড়েছে অতিথিদের চাপ এবং নিরাপত্তার চাহিদা। ফলে ধাতব চাবির তুলনায় ইলেক্ট্রনিক কি-কার্ড অনেক বেশি কার্যকর ও সুবিধাজনক হয়ে উঠেছে।

হারিয়ে গেলে দ্রুত সমাধান

ঘোরার সময় হোটেলের চাবি হারিয়ে গেলে তা নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে, কারণ যার হাতে চাবি পড়বে, তিনি ঘরে ঢোকার চেষ্টা করতে পারেন। কিন্তু ইলেক্ট্রনিক কি-কার্ড হারিয়ে গেলে হোটেল কর্তৃপক্ষ মুহূর্তেই সেটি নিষ্ক্রিয় করে দিতে পারে। কয়েক মিনিটের মধ্যেই নতুন কার্ড দেওয়া যায়, আর পুরোনো কার্ডটি দিয়ে দরজা খোলার সুযোগ থাকে না।

নির্দিষ্ট সময়েই নিষ্ক্রিয় হয়ে যায়

ধাতব চাবি নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও নিজে থেকে অকেজো হয় না। ইলেক্ট্রনিক কি-কার্ডের ক্ষেত্রে বিষয়টি তেমন নয়। অতিথি চেক-ইন করার সময় বুকিংয়ের মেয়াদ অনুযায়ী কার্ডটি সক্রিয় করা হয় এবং সময় শেষ হলে তা স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যায়। এতে আগের অতিথির হাতে থাকা কার্ড দিয়ে পরে ঘরে প্রবেশের আশঙ্কা কমে।

তালা বদলানোর ঝামেলা ও খরচ সাশ্রয়

চাবি হারালে নিরাপত্তার স্বার্থে অনেক সময় ঘরের তালা বদলাতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। ইলেক্ট্রনিক কি-কার্ডে সাধারণত তালা পরিবর্তনের প্রয়োজন হয় না। পুরোনো কার্ড বাতিল করে নতুন কার্ড প্রোগ্রাম করলেই কাজ মিটে যায়, ফলে হোটেলের রক্ষণাবেক্ষণ খরচ বাঁচে।

এক কার্ডে একাধিক সুবিধা

অনেক আধুনিক হোটেলে এই কার্ড শুধু রুমের দরজা খোলার কাজেই সীমাবদ্ধ থাকে না। একই কার্ড দিয়ে লিফ্ট, জিম, সুইমিং পুল এবং লাউঞ্জে প্রবেশের অনুমতিও পাওয়া যায়। ফলে অতিথিদের আলাদা আলাদা চাবি বা কার্ড নিয়ে ঘোরার ঝামেলা থাকে না।

প্রবেশের ডিজিটাল তথ্য

ইলেক্ট্রনিক কার্ডের আরেকটি বড় সুবিধা হল ঘরে প্রবেশের সময়ের ডিজিটাল তথ্য সংরক্ষণ করা যায়। কোনও অতিথি জিনিসপত্র হারানোর অভিযোগ করলে বা কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে কোন সময়ে এবং কোন কার্ড দিয়ে ঘরে ঢোকা হয়েছিল, তা খতিয়ে দেখতে এই রেকর্ড কাজে লাগে।

তবে কি ধাতব চাবি একেবারেই নেই?

ধাতব চাবি যে পুরোপুরি হারিয়ে গেছে, তা নয়। কিছু ঐতিহ্যবাহী হোটেল, হেরিটেজ প্রোপার্টি এবং ছোট বুটিক হোটেলে এখনও পুরোনো আমেজ ও ঐতিহ্য বজায় রাখতে ধাতব চাবি ব্যবহার করা হয়। তবে নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে বেশিরভাগ ক্ষেত্রেই ইলেক্ট্রনিক কি-কার্ডই প্রথম পছন্দ।