হিজাব ছাড়া গান গেয়ে ৭৪ ঘা চাবুকের সাজা! ইরানি গায়িকার পরিণতিতে বিশ্বজুড়ে তোলপাড়

নিজের পছন্দমতো পোশাক পরে গান গাওয়ার কারণে চরম শাস্তির মুখে পড়তে হল ইরানের গায়িকা পারাস্তু আহমাদিকে। হিজাব না পরে গান গাওয়ার অভিযোগে তাঁকে ৭৪ ঘা চাবুক মারা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু পারাস্তু একাই নন, তাঁর ব্যান্ডের আরও তিন সঙ্গীতশিল্পী এবং এক প্রযোজকের উপরেও একই শাস্তি কার্যকর করা হয়েছে।
ঘটনাটি প্রায় দু’বছর আগের। ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে একটি অনলাইন কনসার্টের ভিডিয়ো প্রকাশ করেছিলেন ২৯ বছর বয়সি এই গায়িকা। সেখানে তাঁর মাথায় হিজাব ছিল না এবং পরনে ছিল হাতাকাটা পোশাক। অনুষ্ঠানে তাঁর সঙ্গে দলের কয়েকজন পুরুষ সদস্যও ছিলেন। দর্শক ছাড়াই ঐতিহাসিক দেইর-এ গাচিন ক্যারাভানসেরাইয়ে ওই ভিডিয়ো রেকর্ড করা হয়েছিল। ভিডিয়োটি সামনে আসতেই ইরানের প্রশাসনের নজরে আসেন পারাস্তু ও তাঁর সঙ্গীরা।
এর পরেই তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়। আদালতে অভিযোগ ওঠে, অনলাইনে অশালীন ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশ করে দেশের প্রচলিত নিয়ম ভেঙেছেন তাঁরা। যদিও অভিযুক্তরা এই অভিযোগ অস্বীকার করেছেন।
চাবুকের সাজা ও নিষেধাজ্ঞা
গত জুন মাসে কোম প্রদেশের একটি আদালত পারাস্তুদের দোষী সাব্যস্ত করে ৭৪ ঘা চাবুক মারার নির্দেশ দেয়। সেই রায়ের বিরুদ্ধে আপিল করেও লাভ হয়নি। গত সেপ্টেম্বরে আবেদন খারিজ হয়ে যায় এবং সোমবার তাঁদের উপর ওই শাস্তি কার্যকর করা হয়েছে। পারাস্তুর আইনজীবী বিবিসিকে জানিয়েছেন, সাজা আটকানোর সব রকম চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। চাবুক মারার পাশাপাশি আগামী দু’বছর গান গাওয়া এবং ভ্রমণের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাঁদের বিরুদ্ধে।
কঠোর বিধিনিষেধ ও আন্তর্জাতিক নিন্দা
ইরানে মহিলাদের পোশাক এবং গান গাওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম বলবৎ রয়েছে। সে দেশের আইন অনুযায়ী, প্রকাশ্য স্থানে মহিলাদের চুল ঢেকে রাখা বাধ্যতামূলক। হিজাব না পরলে জরিমানা থেকে শুরু করে কারাদণ্ড পর্যন্ত হতে পারে। পাশাপাশি মহিলাদের একক সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রেও কড়াকড়ি রয়েছে, বিশেষ করে পুরুষদের উপস্থিতিতে কোনও মহিলার একক গান গাওয়ার অনুমতি নেই। দীর্ঘদিন ধরেই এই নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন ইরানের মহিলা শিল্পীরা।
পারাস্তু আহমাদির শাস্তির ঘটনা প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপের নিন্দা করেছে। মার্কিন মানবাধিকার সংগঠন ‘সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান’-এর প্রতিনিধি বাহার গন্দেরীর মতে, নিজের পছন্দমতো পোশাক পরে গান গাওয়ার জন্য একজন শিল্পীকে এমন শাস্তি দেওয়া মৌলিক অধিকারের লঙ্ঘন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এই সাজাকে নিষ্ঠুর ও অমানবিক বলে অভিহিত করেছে।
পুরনো বিতর্ক ফের সামনে
ইরানে হিজাববিধি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। ২০২২ সালে ২২ বছর বয়সি মাহশা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। হিজাব সংক্রান্ত নিয়ম ভাঙার অভিযোগে তাঁকে আটক করেছিল নীতি পুলিশ এবং পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে ১৬ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার প্রতিবাদে বহু মহিলা রাস্তায় নেমেছিলেন, হিজাব পুড়িয়ে এবং চুল কেটে প্রতিবাদ জানিয়েছিলেন।
এর পর ২০২৪ সালের নভেম্বরেও তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ে হিজাববিধির প্রতিবাদে এক তরুণীর অন্তর্বাস পরে হাঁটার ঘটনা নিয়ে শোরগোল পড়েছিল। তাঁকে আটক করে হাসপাতালে পাঠানো হয় এবং বিচার বিভাগের তরফে মানসিক অসুস্থতার দাবি করা হলেও মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদীদের দমনে মানসিক হাসপাতালের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।
পারাস্তু আহমাদির ঘটনায় সেই বিতর্কই নতুন করে সামনে এল। ব্যক্তিগত স্বাধীনতা, পোশাকের অধিকার এবং শিল্পীদের মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে ফের প্রশ্ন তুলতে শুরু করেছে আন্তর্জাতিক মহল।