ওয়েভস ফিল্ম বাজারে বাংলার বড় চমক! দ্রুত শুটিং অনুমোদন ও ভর্তুকির বার্তা পূর্ণিমার

ওয়েভস ফিল্ম বাজারে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র শিল্পের সম্ভাবনা তুলে ধরলেন মাননীয় রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। ২২ নভেম্বর ২০২৬, গোয়ায় অনুষ্ঠিত ৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI)-এর অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ ওয়েভস ফিল্ম বাজারে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন বিভাগের মাননীয়া রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় বিধায়ক হিরণ চ্যাটার্জি।
ওয়েভস ফিল্ম বাজারে পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নে আগত প্রযোজক, পরিচালক ও চলচ্চিত্র নির্মাতাদের সামনে মাননীয়া রাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রস্তাবিত চলচ্চিত্র নীতি, চলচ্চিত্র নির্মাণের জন্য দ্রুত শুটিংয়ের অনুমোদন, চলচ্চিত্র নির্মাতাদের জন্য প্রস্তাবিত ভর্তুকি এবং রাজ্যে চলচ্চিত্র শিল্পের বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগ ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
পাশাপাশি অন্যান্য অংশগ্রহণকারী রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে তাঁদের নিজ নিজ রাজ্যের চলচ্চিত্র নীতি, পরিকাঠামো এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়নে গৃহীত উদ্যোগ নিয়েও মত বিনিময় করেন তিনি।
মাননীয়া রাষ্ট্রমন্ত্রী জানান, এই প্রথমবার পশ্চিমবঙ্গ জাতীয় স্তরের এই গুরুত্বপূর্ণ চলচ্চিত্র বাজারে অংশগ্রহণ করছে। পশ্চিমবঙ্গের এই অংশগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যের চলচ্চিত্র অনুরাগী, প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। এই মঞ্চের মাধ্যমে বাংলার চলচ্চিত্র শিল্পের সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ এবং শুটিংয়ের উপযুক্ত গন্তব্য হিসেবে পশ্চিমবঙ্গকে জাতীয় স্তরে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গোয়ায় ৫৭তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে। স্পেন এই বছরের কান্ট্রি অফ অনার এবং রাশিয়া পার্টনার কান্ট্রি হিসেবে থাকছে এবারের চলচ্চিত্র উৎসবে। এবারের আইএফএফআই-এ ২৩০টির বেশি ছবি দেখানো হচ্ছে, যার মধ্যে ‘ধুরন্ধর’ ছবিটি প্রদর্শিত হয়েছে ওপেনিং ছবি হিসেবে। ৮৬টি দেশের ১৫০টি আন্তর্জাতিক ছবি প্রদর্শিত হবে এবং ৬টি জায়গায় মোট ১৩টি হলে এই ছবিগুলো দেখানো হবে।