সীমান্ত পেরিয়ে বাংলার বুকেও উত্তাপের আঁচ? বাংলাদেশ অশান্তিতে উদ্বেগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

হিংসার আগুনে ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে বিএনপি ও জামাতের সঙ্গে আওয়ামি লিগের ব্যাপক সংঘর্ষের খবর সামনে এসেছে। একের পর এক বাড়ি ও দোকানে অগ্নিসংযোগের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, প্রতিবেশী রাষ্ট্রের এই অস্থিরতার প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গেও পড়ছে এবং বিষয়টি নিয়ে তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করবেন। শুভেন্দু অধিকারীর কথায়, প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি উদ্বিগ্ন, কারণ এখানকার বহু মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশে থাকেন এবং তাঁরাও এই ঘটনায় বিচলিত।

শেখ হাসিনার দেশে ফেরার জল্পনার আবহে আওয়ামি লিগ পথে নামতেই ফের অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। আজ ভোররাতে ঢাকার বিভিন্ন এলাকায় পরপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়েকটি জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনাগুলোতে অন্তত চারজন আহত হয়েছেন। এরই মধ্যে চট্টগ্রামে প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের পৈতৃক বাড়িতে দুষকৃতীরা আগুন ধরিয়ে দিয়েছে বলে খবর। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাঙ্কের একাধিক শাখাতেও আগুন লাগানো হয়েছে। আজ ‘লকডাউন’ কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামি লিগ, যা ঘিরে গোটা দেশেই বাড়তি সতর্কতা ও উদ্বেগ তৈরি হয়েছে।

এই উত্তাল পরিস্থিতিতে বাংলাদেশে আওয়ামি লিগের প্রত্যাবর্তন রুখতে সব রাজনৈতিক দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন যে আওয়ামি লিগের কর্মীরা ফের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড শুরু করেছে। তাঁর মতে, জুলাইয়ের ছাত্র আন্দোলনের মতো ঐক্যবদ্ধ হয়ে আওয়ামি লিগের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। সব মিলিয়ে সংঘর্ষ, বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও রাজনৈতিক পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে ক্রমশ জটিল হয়ে উঠছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, যার প্রভাব আঞ্চলিক স্তরেও নজরে রাখছে সংশ্লিষ্ট মহল।