১৬ দিনে দ্বিতীয়বার! খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রঙ, ফের চাঞ্চল্য

 বাংলাদেশের খুলনা শহরে নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রাফিতি প্রতিকৃতি ১৬ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিকৃত করা হয়েছে। রবিবার শহরের শিববাড়ি চত্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে কালো স্প্রে পেইন্ট করা অবস্থায় দেখতে পাওয়া গেলে ঘটনাটি সামনে আসে। ব্যস্ত ওই এলাকার দেওয়ালে আঁকা অন্যান্য ছবি ও গ্রাফিতি অক্ষত থাকলেও কেবল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিটিই কেন টার্গেট করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ভবনের ঠিক সামনে রেললাইনের সীমানা প্রাচীরে এই গ্রাফিতিগুলো আঁকা রয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে তৈরি ওই দেওয়ালচিত্রে জুলাই অভ্যুত্থানের নানা দৃশ্যের পাশাপাশি দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব ও নেতাদের প্রতিকৃতি স্থান পেয়েছে।

ওই দেওয়ালচিত্রে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও রয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কবি মাইকেল মধুসূদন দত্ত, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জুলাই অভ্যুত্থানে নিহত আবু সাঈদ ও ওসমান হাদী।

এর আগে গত ৬ই নভেম্বর একই স্থানে রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রতিকৃতিটি ভাঙচুর করা হয়েছিল। অল্প দিনের ব্যবধানে ফের একই ঘটনা ঘটায় স্থানীয় মহলে উদ্বেগ তৈরি হয়েছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানিয়েছেন, তাঁরা ঘটনার খবর পেয়েছেন এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করার চেষ্টা চলছে।