অরার বদলে ব্রেজার দাবি! পছন্দের গাড়ি না পেয়ে বিয়ের দিনই বরযাত্রী ফেরালেন দিল্লি পুলিশের কনস্টেবল

যৌতুকের দাবিতে বিয়ে ভেঙে দেওয়ার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে হরিয়ানার সোনিপত এলাকায়। অভিযোগ অনুযায়ী, কাঙ্ক্ষিত গাড়ি না পাওয়ায় বিয়ের ঠিক আগেই বরযাত্রী নিয়ে আসতে অস্বীকার করেন দিল্লি পুলিশের এক কনস্টেবল। অভিযুক্ত ওই পুলিশকর্মীর নাম কুলদীপ। আগামী ২০শে নভেম্বর বিয়ের দিন ঠিক থাকলেও গাড়ি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে চরম অচলাবস্থা তৈরি হয় এবং বিয়ে ভেস্তে যায়।

প্রতিবেদন অনুযায়ী, কনের পরিবার যৌতুক হিসেবে প্রায় ৯.৫ লক্ষ টাকা দামের একটি হুন্ডাই অরা গাড়ি বুক করেছিল। কিন্তু বিয়ের ঠিক আগে কুলদীপ প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের একটি মারুতি ব্রেজা গাড়ি দাবি করেন বলে অভিযোগ উঠেছে। বরের সেই দাবি মেটাতে কনের বাবা ব্রেজা গাড়ি কেনার চেষ্টা করেন, তবে হাতে সময় কম থাকায় তা জোগাড় করা সম্ভব হয়নি। এতেই ক্ষুব্ধ হয়ে কুলদীপ বিয়ে করতে রাজি হননি বলে অভিযোগ।

পরিবারের অন্যান্য সদস্যের জন্যও গহনার দাবি

কনের বাবা সুভাষের অভিযোগ, বরের চাহিদা কেবল একটি গাড়িতেই থেমে ছিল না। পরিবারের পক্ষ থেকে বরকে একটি সোনার চেন, সোনার কানের দুল এবং বরের মায়ের জন্য রুপোর নুপুর দেওয়ার কথা চূড়ান্ত হয়েছিল। পাশাপাশি বরের বড় ভাই ও ভাবীর জন্যও গহনার দাবি করা হয়েছিল এবং সেই অনুযায়ী অর্ডারও দেওয়া হয়। এমনকি বিয়ের আসবাবপত্রের পরিকল্পনাও ছিল। মামাচাঁদ বাটিকায় অনুষ্ঠানের যাবতীয় আয়োজন ও অতিথি আপ্যায়নের প্রস্তুতিও সম্পূর্ণ করা হয়েছিল।

বিয়ের দিন সাদামাটা পোশাকে হাজির বর

কনের বাবার দাবি, বিয়ের দিন কুলদীপ বরযাত্রী দল না এনে কেবল মায়ের সঙ্গে সাদামাটা পোশাকে অনুষ্ঠানস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তিনি প্রথমেই ব্রেজা গাড়ির ব্যবস্থা হয়েছে কি না জানতে চান। গাড়িটি আনা সম্ভব হয়নি শুনেই তর্কাতর্কি শুরু হয় বলে অভিযোগ। কনের পরিবারের দাবি, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কুলদীপ অশালীন ভাষায় কথা বলেন এবং গালিগালাজ করেন। এই ঘটনার পর কনে ও তাঁর পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছেন।