নিরামিষ খাবারে ডিমের ছোঁয়া! ব্রিটিশ এয়ারলাইন্সকে মামলা করার হুমকি যাত্রীর, চাঞ্চল্য

বিমানের নিরামিষ খাবারে ডিম পরিবেশন করা হয়েছে—এই অভিযোগ তুলে ব্রিটিশ এয়ারওয়েজের বিরুদ্ধে মামলা করার হুমকি দিলেন এক যাত্রী। ওই যাত্রীর নাম হিতার্থ। এ বিষয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি স্পেসএক্স (SpaceX)-এর এআই অ্যাসিস্ট্যান্ট গ্রোক (Grok)-এর কাছেও সাহায্য চেয়েছেন।
রবিবার ‘এক্স’ (X)-এ করা একটি পোস্টে হিতার্থ জানান যে, তিনি সম্প্রতি ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে ভ্রমণ করেছেন। তাঁর প্রোফাইল অনুযায়ী, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী। হিতার্থের দাবি, তিনি আগে থেকেই নিজের খাবারের জন্য ‘হিন্দু ভেজিটেরিয়ান’ (হিন্দু নিরামিষ) মেনু বুক করে রেখেছিলেন, যেখানে ডিম, মাছ বা মাংস থাকার কথা নয়। কিন্তু তাঁর খাবারে ডিম ছিল বলে অভিযোগ তুলে তিনি লিখেছেন, “আমি এর বিরুদ্ধে মামলা করতে চাই। @grok, অনুগ্রহ করে সাহায্য করো।”
নিজের দাবির স্বপক্ষে খাবারের একটি ছবিও পোস্ট করেছেন ওই যাত্রী। সেখানে দেখা যাচ্ছে, একটি ব্রেড রোলের প্যাকেটের সতর্কবার্তায় লেখা রয়েছে যে, এতে দুধ, ডিম, সয়া ইত্যাদির উপস্থিতি থাকতে পারে।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, তাদের ‘হিন্দু ভেজিটেরিয়ান’ খাবারে ডিম থাকে না। এয়ারলাইন্সের এক কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ স্পষ্ট করেছেন যে, ব্রেড রোলের মূল উপাদানের তালিকায় ডিম নেই। তবে যেহেতু এটি এমন একটি কারখানায় তৈরি হয় যেখানে অন্যান্য অ্যালার্জেন নিয়েও কাজ করা হয়, তাই পণ্যে ডিমের কোনও অবশিষ্টাংশ থাকার সম্ভাবনা নিয়ে শতভাগ নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।