গুরু নানক জয়ন্তীতে রাতের মেট্রোয় বড় চমক! ২৩ ও ২৪ নভেম্বর কখন মিলবে বিশেষ ট্রেন, জানুন সূচি

গুরু নানক জয়ন্তী বা গুরু পর্ব উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী ২৩ নভেম্বর সোমবার এবং ২৪ নভেম্বর মঙ্গলবার রাতে মেট্রোর মেন লাইনে অতিরিক্ত মেট্রো চালানো হবে বলে রবিবার জানানো হয়েছে। পাশাপাশি ২৪ নভেম্বর সরকারি ছুটির দিন হওয়ায় শহরের বিভিন্ন মেট্রো রুটের পরিষেবা সূচিতেও কিছু পরিবর্তন আনা হয়েছে।
রাতে অতিরিক্ত মেট্রো কখন ছাড়বে?
মেট্রো কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৩ ও ২৪ নভেম্বর রাতে লাইন ১ বা ব্লু লাইনে নির্ধারিত শেষ মেট্রোর পর এক জোড়া বিশেষ মেট্রো চলবে। সাধারণত এই রুটে রাত সাড়ে ১০টায় শেষ মেট্রো ছাড়লেও উৎসব ও ছুটির কথা মাথায় রেখে রাত ১০টা ৫০ মিনিটে বিশেষ ট্রেন চালানো হবে। দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম করিডোরে রাতের নির্ধারিত শেষ মেট্রোর পর এই অতিরিক্ত পরিষেবা পাওয়া যাবে। রাত ১০টা ৫০ মিনিটে শহিদ ক্ষুদিরাম স্টেশন এবং দমদম স্টেশন থেকে ছাড়বে বিশেষ মেট্রো।
২৪ নভেম্বর কোন রুটে কতগুলো মেট্রো চলবে?
গুরু নানক জয়ন্তী উপলক্ষে ২৪ নভেম্বর মঙ্গলবার ছুটির দিন হওয়ায় ওই দিন মোট পরিষেবার সংখ্যা কিছুটা কমানো হয়েছে, তবে প্রথম ও শেষ মেট্রোর সময়ে বড় কোনো বদল আনা হয়নি। রুটভিত্তিক সূচি অনুযায়ী:
ব্লু লাইন: মোট ২৫৪টি মেট্রো চলবে (১২৭টি আপ ও ১২৭টি ডাউন)। এর মধ্যে রাতের এক জোড়া বিশেষ ট্রেনও অন্তর্ভুক্ত রয়েছে। প্রথম মেট্রোর সময়ে কোনো পরিবর্তন নেই এবং শেষ বিশেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ৫০ মিনিটে।
গ্রিন লাইন: মোট ২১২টি মেট্রো চলবে (১০৬টি আপ ও ১০৬টি ডাউন)। প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনো পরিবর্তন করা হয়নি।
ইয়েলো লাইন: মোট ৯২টি মেট্রো চলবে (৪৬টি আপ ও ৪৬টি ডাউন)। এখানেও প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে।
এছাড়া মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, আগামী ২৪ নভেম্বর পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে এবং নিয়মিত সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে।