‘বিগ বস’-এর স্মৃতির ভিডিওতে ফিরেও তাকালেন না জিতু! সৌরভের কড়া ধমকে তোলপাড় ‘দাদার দরবার’

‘বিগ বস বাংলা’-র ফিনালে যতই এগিয়ে আসছে, প্রতিযোগীদের মধ্যে চাপ এবং সমীকরণ ততই জটিল হয়ে উঠছে। এরই মাঝে চলতি সপ্তাহের ‘দাদার দরবার’ পর্বে একাধিক প্রতিযোগীকে কড়া বার্তা দিলেন সঞ্চালক সৌরভ গাঙ্গুলি। আর এই পর্বে সৌরভের তীব্র রোষের মুখে পড়লেন অভিনেতা জিতু কমল।
‘দাদার দরবার’-এ এদিন বিগ বস বাংলার গত আড়াই মাসের নানা সুন্দর মুহূর্তের একটি ভিডিও ঝলক দেখানো হয়। কিন্তু অভিযোগ, সেই ভিডিওর দিকে ফিরেও তাকাননি জিতু কমল; বরং মাথা নামিয়ে বসে থাকেন তিনি। এমনকি সহ-প্রতিযোগী সৃজলা ভিডিওটি দেখতে বললেও তাতে কর্ণপাত করেননি জিতু। এই আচরণেই ক্ষুব্ধ হয়ে ওঠেন সৌরভ গাঙ্গুলি।
জিতুকে কড়া ভাষায় ভর্ৎসনা করে সৌরভ বলেন, “জিতু তুমি একটা ফ্রেমও দেখনি। এত বড় বিগ বস-এর শোকে এরকম ভাবে ইগনোর আর অপমান করলে কেন? তোমাকে সৃজলা বলল মধ্যিখানে যে দেখ, তাও দেখলে না। এত বড় অপমান, তোমাকে জবাব দিতে হবে।” দাদার এই তীব্র ধমকের পর জিতু কী জবাব দেন এবং পর্বে ঠিক কী ঘটে, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় শুরু হয় ‘বিগ বস বাংলা’। চলতি সিজনে প্রতিযোগী হিসেবে ছিলেন দুর্নিবার সাহা, ভরত কল, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, সায়ক চক্রবর্তী, মনামী ঘোষ, সৃজলা গুহ, সোহিনী পাল এবং দীপেন্দু বিশ্বাস-সহ অনেকে। সময়ের সঙ্গে সঙ্গে খেলায় এসেছে একাধিক মোড়। অনিন্দ্য সেনগুপ্ত বাদ পড়ার পর প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেন রাজবীর দে এবং দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে ঘরে প্রবেশ করেন জিতু কমল।
এ পর্যন্ত শো থেকে বিদায় নিয়েছেন জয়িতা চ্যাটার্জি, অ্যালেক্সজান্দ্রা টেলর, সায়ক চক্রবর্তী ও সোহিনী পাল। মাঝে এন্ট্রি নিয়েছিলেন অনুষ্কা ঘোষ। এরপর সপ্তাহের মাঝে বাদ পড়েন দীপেন্দু বিশ্বাস এবং দু’সপ্তাহের মাথায় বিদায় নেন অনুষ্কা। শারীরিক অসুস্থতার কারণে খেলা ছাড়তে হয় ঝিলম গুপ্তকে। সাম্প্রতিক সময়ে ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নেন সৌরভ দাস ও রণিতা দাস। ২৫ অক্টোবর এলিমিনেট হন ভরত কল এবং ৭ নভেম্বর বাদ পড়েন নন্দিনী। দিওয়ালির রাতে কোনও এভিকশন না হলেও এই সপ্তাহে শো থেকে বিদায় নিয়েছেন সোনামণি।