‘বিগ বস’-এর প্রথম সিজনে প্রতিযোগী হতেন শাহরুখ ও করণ জোহর! বড় সিক্রেট ফাঁস প্রাক্তন কর্তার

ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’। ২০০৬ সালে যাত্রা শুরু করা এই শো এখন ২০তম সিজনে পৌঁছে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে শোয়ের ধরন, প্রতিযোগী এবং সঞ্চালকের মুখ বদলেছে। তবে এবার সামনে এল এক চমকপ্রদ তথ্য। ‘বিগ বস’-এর প্রথম সিজনেই প্রতিযোগী হিসেবে দেখা যেত বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং পরিচালক-প্রযোজক করণ জোহরকে। সম্প্রতি শোয়ের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আনন্দ চবন এক সাক্ষাৎকারে এই অজানা তথ্য জানিয়েছেন।

সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক আলাপচারিতায় আনন্দ চবন জানান, প্রথম সিজনের জন্য বলিউডের একাধিক প্রথম সারির তারকার সঙ্গে কথা বলেছিলেন নির্মাতারা। সেই তালিকায় শাহরুখ খান ও করণ জোহরের নামও ছিল। মূলত শোয়ের শুরুতে প্রতিযোগী হিসেবেই তাঁদের নিতে চেয়েছিলেন নির্মাতারা।

আনন্দ চবনের দাবি, সেই সময় শোয়ের সঞ্চালক কে হবেন, তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এমনকি শোয়ের ফরম্যাটে সঞ্চালকের জায়গা তখনও ঠিক হয়নি। নির্মাতাদের মূল নজর ছিল প্রতিযোগী বাছাইয়ের দিকেই। সে কারণেই বলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।

যদিও শেষ পর্যন্ত প্রতিযোগী হিসেবে শাহরুখ খান বা করণ জোহর— কারওই ‘বিগ বস’-এ যোগ দেওয়া হয়নি। আনন্দ চবনের এই মন্তব্যের পর শোয়ের শুরুর দিকের অজানা পরিকল্পনা নিয়ে বিনোদন জগতে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।