সামান্য কাশির উপসর্গ নিয়ে এইমসে ভর্তি হয়েছিলেন, রাত বাড়তেই হৃদরোগে প্রয়াত বিজেপির রাজ্যসভা সাংসদ!

প্রয়াত হলেন বিজেপির রাজ্যসভা সাংসদ ড. রামরাও সাখারাম ওয়াডকুটে (৭২)। কাশির উপসর্গ নিয়ে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ ভর্তি হওয়ার পর সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চলতি বছরের এপ্রিল মাসেই মহারাষ্ট্র থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন এই বর্ষীয়ান নেতা। তাঁর অকাল প্রয়াণে বিজেপি শিবিরের পাশাপাশি দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কাশির সমস্যার কারণে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যে ৬টা নাগাদ আচমকাই হৃদরোগে আক্রান্ত হন রামরাও ওয়াডকুটে। চিকিৎসকদের সবরকম প্রচেষ্টা সত্ত্বেও রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। আদতে মহারাষ্ট্রের মরাঠাওয়াড়া অঞ্চলের পরভানি জেলার বাসিন্দা রামরাও এর আগে ২০১৪ সালের জুন মাস থেকে ২০১৯ সালের অক্টোবর মাস পর্যন্ত মহারাষ্ট্র বিধান পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রয়াত সাংসদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী লেখেন, “রাজ্যসভার সাংসদ শ্রী রামরাও ওয়াডকুটেজীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। সমাজে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দরিদ্র ও প্রান্তিক মানুষের সেবায় তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। মহারাষ্ট্রে বিজেপির সাংগঠনিক ভিত মজবুত করার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর পরিবার এবং অনুগামীদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।”

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি জানান, একেবারে তৃণমূলস্তর থেকে উঠে এসেছিলেন রামরাও এবং তাঁর জীবনযাপন ছিল অত্যন্ত সরল ও অনাড়ম্বর। জনগণের কল্যাণে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং হিঙ্গোলী জেলায় বিজেপির সংগঠনের গুরুদায়িত্বও দক্ষতার সঙ্গে সামলেছিলেন। এ ছাড়া রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন এবং লোকসভার স্পিকার ওম বিড়লাও তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পরিবার সূত্রে খবর, সোমবার প্রয়াত সাংসদের মরদেহ মহারাষ্ট্রের পরভানিতে তাঁর নিজ এলাকায় নিয়ে যাওয়া হবে, যেখানে দলীয় কর্মী ও সাধারণ মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর মঙ্গলবার হিঙ্গোলীতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Pratik Saha
  • Pratik Saha