ফর্সা হওয়ার ক্রিম মেখে কিডনির মারাত্মক রোগে আক্রান্ত কিশোরী! মিলেছে ১.২৫ শতাংশ পারদ, আঁতকে উঠলেন চিকিৎসকরা

ত্বকের রং ফর্সা করার আশায় অনলাইনে কেনা প্রসাধনী ব্যবহার করে গুরুতর কিডনির রোগে আক্রান্ত হলেন কেরলের মালাপ্পুরমের ১৭ বছরের এক কিশোরী। পরীক্ষায় ওই ক্রিমটিতে ১.২৫ শতাংশ পারদের উপস্থিতি ধরা পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। চিকিৎসকরা জানিয়েছেন, কিশোরীটি ‘মেমব্রেনাস নেফ্রোপ্যাথি’ নামে কিডনির একটি জটিল সমস্যায় ভুগছেন।
গত শুক্রবার কিশোরীর চিকিৎসা চলা হাসপাতালের তরফে এক সাংবাদিক বৈঠকে এই ঘটনা প্রকাশ্যে আনা হয়। চিকিৎসকদের দাবি, সোশ্যাল মিডিয়ার প্রভাবশালীদের প্রচার দেখে অনলাইন থেকে ওই ফর্সা হওয়ার ক্রিমটি কিনে ব্যবহার করেছিল সে। দীর্ঘদিন ধরে প্রসাধনীটি মাখার ফলে তার শরীরে পারদের বিষক্রিয়া তৈরি হয় এবং কিডনির গুরুতর ক্ষতি হয়।
ত্বকের ক্রিম থেকে রক্তে কীভাবে বিষক্রিয়া ছড়ায়, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকদের মতে, কিছু ত্বক উজ্জ্বল করার ক্রিমে পারদের মতো ক্ষতিকর ভারী ধাতু মেশানো থাকে। নিয়মিত এসব প্রসাধনী ব্যবহার করলে তা ত্বকের মাধ্যমে রক্তপ্রবাহে মিশে যেতে পারে এবং সময়মতো চিকিৎসা না হলে কিডনির বড়সড় ক্ষতি ডেকে আনে।
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ডার্মাটোলজিস্টস, ভেনেরিওলজিস্টস অ্যান্ড লেপ্রোলজিস্টসের প্রাক্তন সভাপতি এম এম ফয়জল জানান, ত্বকের প্রসাধনী কীভাবে রক্তে মিশে শরীরের ক্ষতি করতে পারে, সে বিষয়ে মানুষের মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। তাঁর কথায়, দ্রুত ফর্সা হওয়ার প্রবল আকাঙ্ক্ষা থেকেই অনেকে বাজারে সহজে মেলা স্টেরয়েডযুক্ত ক্রিম মুখে ব্যবহার করছেন। পারদযুক্ত প্রসাধনী ও এই ধরনের স্টেরয়েড ক্রিম কিডনির ক্ষতি করতে পারে বলে সতর্ক করে তিনি সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কড়া করার ওপর জোর দেন।
এদিকে কিশোর-কিশোরীদের মধ্যে ভেজাল ও মানহীন প্রসাধনী ব্যবহারের প্রবণতা রুখতে পদক্ষেপ নিয়েছে কেরলের ওষুধ নিয়ন্ত্রণ দফতর। একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ প্রচার শুরু হয়েছে। পাশাপাশি বাজারে নিয়মিত অভিযান চালিয়ে সন্দেহজনক প্রসাধনী বাজেয়াপ্ত করার কাজও চলছে।