হঠাৎ সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূলের এক্স হ্যান্ডেল! নেপথ্যে কি অভিষেক-সেনার রিপোর্ট মারার ছক?

রাজ্য রাজনীতিতে ফের এক প্রস্থ চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে। আচমকাই মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’ (পূর্বতন টুইটার)-এ সাসপেন্ড করা হলো ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-এর অফিসিয়াল হ্যান্ডেলটি। দলীয় অ্যাকাউন্টে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, এক্স-এর নিজস্ব আইন বা গাইডলাইন ভাঙার অপরাধেই এই পদক্ষেপ করা হয়েছে। তবে এই প্রযুক্তিগত নিষেধাজ্ঞার পেছনে শাসকশিবিরের গভীর ষড়যন্ত্র দেখছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। নাম এবং প্রতীক সংক্রান্ত দীর্ঘ আইনি ও রাজনৈতিক লড়াইয়ের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র জলঘোলা।

ঘটনার সূত্রপাত ঘটার পরেই ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি অভিযোগের আঙুল তোলা হয়েছে মূল দল তথা মমতা-পন্থী নেতৃত্বের দিকে। দলের মুখপাত্র ঋজু দত্ত বিস্ফোরক দাবি করে জানিয়েছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম এবং ঘাসফুল প্রতীকের অধিকার সংক্রান্ত বিষয়টি বর্তমানে নির্বাচন কমিশনের কাছে বিচারাধীন। তাঁর অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণাধীন আইটি সেলের কর্মীরা সুপরিকল্পিতভাবে একাধিক রিপোর্ট মেরে তাঁদের এই অফিশিয়াল পেজটি সাসপেন্ড করিয়েছে। তবে আত্মবিশ্বাসী সুরে ঋজু দত্ত বলেন, তাঁরা ১০০ শতাংশ নিশ্চিত যে নির্বাচন কমিশনে চূড়ান্ত জয় তাঁদেরই হবে এবং মূল দলীয় নাম ও প্রতীক তাঁরাই পাবেন।

অন্যদিকে, এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে চরম আক্রমণ শানিয়েছে মূল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দলের পক্ষ থেকে কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়ে বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “ওদের কোনো অস্তিত্বই নেই, মাঠেঘাটে কোনো কর্মী-সমর্থক নেই। আবার এক্স হ্যান্ডেল আছে বলেও আমার জানা ছিল না।” তিনি আরও স্পষ্ট করে দেন যে, “মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল কংগ্রেস। যারা এর বাইরে অন্য কিছু ভাবছেন, তাঁরা আসলে বিজেপির বকলেস পরা দালাল।”

এই পুরো ঘটনায় শাসক ও বিরোধী শিবিরের পাশাপাশি কড়া আক্রমণ শানিয়েছে রাজ্য বিজেপিও। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার তীব্র কটাক্ষ করে বলেছেন, “মানুষের ওদের সম্বন্ধে কোনো আগ্রহই নেই। সবাই জানে, সংগঠিত চোর দলের নাম ছিল তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক ইতিহাসে ঠিক এভাবেই তাদের নাম লেখা থাকবে।” সবমিলিয়ে, নাম-প্রতীক দ্বন্দ্ব এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সাসপেনশনকে ঘিরে বাংলার রাজনৈতিক ময়দান এখন পুরোপুরি উত্তপ্ত।