বিগ বস বাংলায় চরম নাটক! মাটনে চিনির সিরাপ মিশিয়ে কী কাণ্ড ঘটালেন জিতু? সৌরভের ধমকে থমকে গেলেন সৃজলা!

বিগ বস বাংলার ঘরে চলতি সপ্তাহের শুরু থেকেই উত্তেজনার পারদ চড়ছিল। কারণ এটি ছিল বহুচর্চিত ‘ফ্যামিলি উইক’। প্রতিযোগীদের সঙ্গে দেখা করতে তাঁদের পরিবারের সদস্যরা এসেছিলেন এবং নানা পরামর্শও দিয়েছিলেন। তবে সপ্তাহের শেষভাগে এসে রান্নাঘরকে কেন্দ্র করে ঘটে যায় এক অভাবনীয় ঘটনা, যা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে শোরগোল। তনুশ্রীর মাটনে চিনির রস ও স্যাকারিন মিশিয়ে দেওয়ার অভিযোগ ওঠে জিতুর বিরুদ্ধে। এই কাণ্ড প্রথমে তনুশ্রীর সন্দেহ হলেও তাতে শিলমোহর দেন তাঁর মেয়ে তনুপ্রিয়া, যিনি ফ্যামিলি উইке মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মা-কে খেলা নিয়ে নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি তনুপ্রিয়া ফাঁস করে দেন যে জিতু মাটনে চিনির সিরাপ মিশিয়েছেন। এই কথা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তনুশ্রী। জিতু ও তনুশ্রীর মধ্যে শুরু হয় তুমুল চিৎকার-চেঁচামেচি। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন জিতুর সমর্থনে ঢাল হয়ে দাঁড়ান সৃজলা। তনুশ্রী ও সোনামণির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সৃজলা ও মনামি।

শনিবার ‘দাদার দরবার’-এ এই ঘটনা নিয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করেন শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি সৃজলাকে কড়া ভাষায় ভর্ৎসনা করে বলেন, বিগ বসের ঘরে খাবার নষ্ট করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তনুশ্রীকে মাংস খাওয়ার উপযোগী করতে প্রায় ৩৫টি লঙ্কা ব্যবহার করতে হয়েছিল, যা থেকে স্পষ্ট কতটা কষ্ট করতে হয়েছে তাঁকে। অথচ জিতু মাটনে চিনির সিরাপ মিশিয়ে রসিকতা করার চেষ্টা করেন। জিতু সাফাই দিতে গেলে সৌরভ তাঁকে কড়া সুরে বলেন, “অল্প না বেশি, তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?” সৃজলা এই পরিকল্পনা জানতেন কি না তা নিয়ে প্রশ্ন উঠলে জিতু জানান সৃজলা সবটাই জানতেন। সৌরভ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সবার সামনেই আলোচনা হয়েছে, তাই মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই। অথচ সৃজলা নিজে সবসময় ঘরে খাবার নষ্ট নিয়ে বাকিদের বকাঝকা করেন, তিনিই কীভাবে এই কাজে সায় দিলেন, তার কোনো সদুত্তর দিতে পারেননি সৃজলা। সব মিলিয়ে খাবার নষ্ট এবং বিতর্কিত এই প্র্যাঙ্কের জেরে এখন সরগরম বিগ বস বাংলা।