যন্তর মন্তরের বিকল্পে রামলীলা ময়দান! ৫০ হাজার জমায়েত থেকে অস্ত্র নিষিদ্ধ—কী বলছে নতুন নির্দেশিকা?

যন্তর মন্তরে একটানা প্রতিবাদ ও আইনি জট এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের জেরে দিল্লির সেই ঐতিহ্যবাহী প্রতিবাদের জায়গা বদল করে নতুন ধর্নাস্থলের তালিকায় রামলীলা ময়দানকে যুক্ত করেছিল দিল্লি পুলিশ। তবে সিদ্ধান্তের এক মাসের মাথাতেই এই ঐতিহাসিক ময়দানে সভা, সমাবেশ বা বিক্ষোভ প্রদর্শনের ওপর রাশ টানতে একগুচ্ছ কড়া নিয়ম নিয়ে এল প্রশাসন। দিল্লি পুলিশের তরফে রামলীলা ময়দানের জন্য একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) বা নির্দেশিকা তৈরি করা হয়েছে, যার ফলে আগামী দিনে সেখানে বড়সড় কর্মসূচি পালন করা আরও কঠিন হতে চলেছে।
সূত্রের খবর, প্রস্তাবিত এই নতুন এসওপি-তে ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে নিরাপত্তা এবং নাগরিক সুযোগ-সুবিধার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। দিল্লি পুলিশের খসড়া প্রস্তাব অনুযায়ী, রামলীলা ময়দানে কোনো সভা বা বিক্ষোভ করতে চাইলে সবার আগে দিল্লি পুরনিগম বা এমসিডি-র কাছ থেকে অনুমতি নিতে হবে। ওই নির্দিষ্ট দিনে ময়দানটি ফাঁকা রয়েছে কি না, তা খতিয়ে দেখে পুরনিগম ছাড়পত্র দেওয়ার পর দিল্লি পুলিশের কাছে অনুমোদনের আবেদন জমা দিতে হবে। সাধারণত যেকোনো কর্মসূচি শুরুর অন্তত ১০ দিন আগে আয়োজকদের এই আবেদনপত্র জমা দিতে হবে।
শুধু অনুমতি নেওয়াই নয়, জমায়েতে ঠিক কত মানুষ উপস্থিত থাকবেন, কীভাবে সেই বিপুল জনস্রোত সামলানো হবে, এবং পার্কিং ও যাতায়াতের ব্যবস্থা কী হবে—তার একটি স্পষ্ট রূপরেখা আগে থেকেই তৈরি করতে হবে আয়োজকদের। ট্রাফিক ব্যবস্থার যাতে কোনো অবনতি না ঘটে, সেজন্য ট্রাফিক পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয় রাখতে হবে। পাশাপাশি রাস্তা বা জরুরি পরিষেবার কোনো পথ যাতে কোনোভাবেই অবরুদ্ধ না হয়, তা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব থাকবে আয়োজকদের কাঁধেই।
নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করতে প্রস্তাবিত নির্দেশিকায় বেশ কিছু কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রামলীলা ময়দানের ভেতরে কোনোভাবেই আগ্নেয়াস্ত্র, তলোয়ার, বর্শা, ধারাল অস্ত্র বা কোনো নিষিদ্ধ সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না। এমনকি ময়দানের আশপাশে ড্রোন ওড়াতে চাইলেও নিতে হবে পূর্বানুমতি। এছাড়া, সমাবেশে যোগ দেওয়া মানুষের জন্য পর্যাপ্ত পানীয় জল, জরুরি চিকিৎসা ব্যবস্থা এবং শৌচাগারের বন্দোবস্ত করার পাশাপাশি অনুষ্ঠান শেষে ময়দান পরিষ্কার করে যথাযথ বর্জ্য অপসারণের দায়িত্বও নিতে হবে আয়োজকদের। বর্তমানে খসড়া স্তরে থাকা এই এসওপি অনুমোদনের জন্য দিল্লি পুলিশের সদর দফতরে পাঠানো হয়েছে। সেখান থেকে চূড়ান্ত সিলমোহর পড়লেই রামলীলা ময়দানে রাজনৈতিক কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে এই কড়া নিয়মগুলি আইনত কার্যকর হবে।