ড্রাগন-পাক কাঁপুনি! চেক প্রজাতন্ত্রে বড় ডিফেন্স ডিল নিয়ে পা রাখছেন ভারতীয় সেনাপ্রধান ধীরজ শেঠ

প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় করতে এবং কৌশলগত অংশীদারিত্ব বাড়াতে আগামী ১৬ থেকে ১৯ নভেম্বর চেক প্রজাতন্ত্রের সরকারি সফরে যাচ্ছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ। প্রতিরক্ষা মন্ত্রক রবিবার জানিয়েছে যে, এই গুরুত্বপূর্ণ সফরে চেক সশস্ত্র বাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন তিনি। দুই দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, যৌথ প্রশিক্ষণ, এবং অত্যাধুনিক ডিফেন্স টেকনোলজি ও শিল্প ক্ষেত্রে নতুন অংশীদারিত্বের সম্ভাবনা খতিয়ে দেখাই এই সফরের মূল লক্ষ্য।

সফরের প্রথম পর্বে প্রাগে অবস্থিত জেনারেল স্টাফ হেডকোয়ার্টার্স (GSHQ)-এ চেক সশস্ত্র বাহিনীর ফার্স্ট ডেপুটি চিফ অফ জেনারেল স্টাফ এবং ডেপুটি ডিফেন্স ডিফেন্স লেফটেন্যান্ট জেনারেল পেত্র সেপেলকার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন জেনারেল ধীরজ শেঠ। এছাড়াও, সেখানে এক বিশেষ সমারোহে দেশের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, চেক প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গেও তাঁর বৈঠক নির্ধারিত রয়েছে। এই আলোচনায় যৌথ সামরিক সহযোগিতা, বাহিনীর আধুনিকীকরণ, এবং উদীয়মান আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি স্থান পাবে।

সফরের দ্বিতীয় পর্যায়ে ব্রনোর ডিফেন্স ইউনিভার্সিটি এবং ন্যাটোর (NATO) যৌথ রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল ও পারমাণবিক (CBRN) ডিফেন্স সেন্টার অফ এক্সিলেন্স পরিদর্শন করবেন সেনাপ্রধান। সেখানে চেক সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ পদ্ধতি, অপারেশনাল ক্ষমতা এবং ভবিষ্যতের যেকোনো সংকট মোকাবিলায় তাদের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন তিনি। পাশাপাশি, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তি এবং শিল্প ক্ষেত্রে যৌথ উদ্যোগের পথ প্রশস্ত করতে আন্তঃসরকারি প্রতিরক্ষা সহযোগিতা এজেন্সি (AMOS), ডিফেন্স ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এবং শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বিশেষ বৈঠক করবেন ভারতীয় সেনাপ্রধান। বিশেষজ্ঞদের মতে, এই সফর ভারত ও চেক প্রজাতন্ত্রের দ্বিপক্ষীয় সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।