“খাবার নেই, জল নেই, ফোনও বন্ধ!”-গহীন জঙ্গলে ৬ রাত কাটানোর পর যেভাবে উদ্ধার কিশোর

ঘন জঙ্গলে পথ হারিয়ে কেটে গেছে টানা ছয়টি রাত। সঙ্গে ছিল না কোনো খাবার, পানীয় জলের বোতল কিংবা মুঠোফোন। দিনের তীব্র গরম আর রাতের হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর মুখ থেকে ফিরে এল ১৭ বছরের এক অস্ট্রেলীয় কিশোর। অলৌকিক এই বেঁচে থাকার গল্পের কেন্দ্রে রয়েছে উইলিয়াম নামের সেই তরুণ।

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ওয়ালহালা এলাকার একটি ঘন জঙ্গলে, যা মেলবোর্ন থেকে প্রায় ১৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত। গত ৬ নভেম্বর উইলিয়ামের মা তাকে এক বন্ধুর সঙ্গে ক্যাম্পিং করার জন্য ভিক্টোরিয়ার পূর্বাঞ্চলে নামিয়ে দিয়ে এসেছিলেন। এরপর ক্যাম্পিংয়ের কিছু অতিরিক্ত সরঞ্জাম আনতে গিয়ে পথ হারিয়ে ফেলেন উইলিয়াম।

তখন তার পরনে ছিল কেবল একটি হাফপ্যান্ট ও কাজের জুতো। মুঠোফোন, খাবার ও পানি ক্যাম্পের জায়গায় ফেলে আসায় শুরুতেই বিপদে পড়ে যান তিনি। একটি রাস্তায় ভুল মোড় নেওয়ার পর পুরোপুরি দিক হারিয়ে ফেলেন উইলিয়াম। একপর্যায়ে পাহাড়ের ঢাল বেয়ে নিচে পিছলে পড়ে যান। রাত নামলে ঝোপঝাড়ের নিচে আশ্রয় নেন এবং এভাবেই একে একে কেটে যায় ছটি দিন।

জঙ্গলে বেঁচে থাকার লড়াইটা মোটেই সহজ ছিল না। উইলিয়ামের কাছে খাবার বলতে ছিল মাত্র এক প্যাকেট চিকেন ফ্লেভারের চিপস। কয়েকদিন ধরে সেই চিপস খুব অল্প অল্প করে খেয়ে ক্ষুধা নিবারণ করেছেন তিনি। আর তৃষ্ণা মেটাতে ভরসা ছিল জঙ্গলের ঝরনার পানি। দিনের বেলায় তীব্র রোদে পুড়েছে তার শরীর, আর রাতে কখনো বৃষ্টির তোড়ে ভিজেছে, কখনো বা কাঁপতে হয়েছে ঠান্ডায়।

তবে প্রতিকূল সেই নিঃসঙ্গ রাতে উইলিয়ামকে সবচেয়ে বেশি সাহস জুগিয়েছে শৈশবের একটি গান। টেলিভিশন অনুষ্ঠান ‘সানরাইজ’-এ উইলিয়াম জানিয়েছেন, ছোটবেলা থেকেই গায়ক জন ডেনভারের গাওয়া ‘টেক মি হোম, কান্ট্রি রোডস’ গানটি তার খুব প্রিয়। জঙ্গলে একা ভীতিপ্রদ রাতে যখন মন ভেঙে পড়ছিল, তখন তিনি এই গানটি গাওয়া শুরু করেন। গানটি গাওয়ার পর কিছুটা মানসিক স্বস্তি পাওয়ায় ভীতি কাটাতে বারবার সেটি গেয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভিক্টোরিয়ার ওয়ালহালার কাছে একটি ঝরনার পাশে শুয়ে থাকা অবস্থায় উইলিয়ামকে খুঁজে পায় পুলিশের আকাশপথে অনুসন্ধানকারী দল। তাকে উদ্ধারে পুলিশ, উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত কুকুরসহ শতাধিক সদস্য অংশ নিয়েছিলেন। উদ্ধারের সময় একটি পাথরের পাশে তোয়ালে দিয়ে শরীর ঢেকে আশ্রয় নিয়েছিলেন উইলিয়াম। উপর দিয়ে হেলিকপ্টার উড়ে যেতে দেখলে তিনি হাত নেড়ে সংকেত দেন। পাইলট ডেভ ওয়াইলি জানিয়েছেন, জঙ্গলের ঘন পাতার কারণে নিচটা স্পষ্টভাবে দেখা কঠিন ছিল, তবে উইলিয়াম খোলা জায়গায় থাকায় তাকে দেখতে পাওয়া সহজ হয়।

দীর্ঘ ছয়দিন পর ছেলেকে ফিরে পেয়ে ভীষণ খুশি তার মা এলিজাবেথ বার্কলি। তিনি জানিয়েছেন, ছেলেকে আর কখনো একা বাড়ির বাইরে যেতে দেবেন না। অন্যদিকে, পানিশূন্যতায় আক্রান্ত উইলিয়ামকে চিকিৎসার জন্য মেলবোর্নের আলফ্রেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মায়ের সঙ্গে এই পুনরায় দেখাকে জীবনের সেরা মুহূর্ত বলে উল্লেখ করেছেন কিশোর উইলিয়াম।