KKR-এর অধিনায়ক হিসেবে কার নাম প্রস্তাব করলেন আকাশ চোপড়া? জানুন বিস্তারিত

আইপিএল ২০২৭-এর মিনি নিলাম যত এগিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরকে ঘিরে জল্পনা। গত মরশুমে পয়েন্ট টেবলের সাত নম্বরে শেষ করার পর দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে ইতিমধ্যেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ফলে আগামী ১৬ ডিসেম্বর হতে চলা মিনি নিলামের আগে তিনবারের চ্যাম্পিয়নদের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইডেনের ড্রেসিংরুমের রাশ ঠিক কার হাতে উঠবে? এই পরিস্থিতিতে কেকেআর টিম ম্যানেজমেন্টকে বড় পরামর্শ দিলেন ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন ক্রিকেটার তথা বিশিষ্ট ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তাঁর সাফ কথা, নিলাম থেকে যদি কোনো উপযুক্ত নেতা না পাওয়া যায়, তবে বিদেশি খেলোয়াড়দের পেছনে অযথা টাকা না উড়িয়ে দলের ভরসাযোগ্য ঘরের ছেলে রিঙ্কু সিংয়ের হাতেই তুলে দেওয়া হোক অধিনায়কত্ব।

সম্প্রতি এক অনুষ্ঠানে আইপিএলের নিলামের রণকৌশল নিয়ে আলোচনা করতে গিয়ে আকাশ চোপড়া কেকেআরের পার্স বা পকেট ভারী করার পরামর্শ দিয়েছেন। আর সেই কারণেই দলের দুই সবচেয়ে দামি বিদেশি তারকা ক্যামেরন গ্রিন এবং মাথিশা পাথিরানাকে দল থেকে মুক্তি দেওয়ার কথা বলেছেন তিনি। আকাশ স্পষ্ট জানান, ২৫ কোটি ২০ লাখ টাকার ক্যামেরন গ্রিনকে ছেড়ে দেওয়ার পক্ষেই তিনি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ এবং অ্যাশেজ সিরিজ রয়েছে। ফলে অস্ট্রেলিয়ার হয়ে খেলার চাপ ও ব্যস্ততার কারণে গ্রিন আইপিএলের সব ম্যাচ খেলতে পারবেন কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তাঁকে রিলিজ করে দিলে পরে প্রয়োজন হলে নিলাম থেকে অনেক কম দামে অনায়াসেই আবার দলে ফিরিয়ে আনা সম্ভব।

পাশাপাশি মাথিশা পাথিরানের প্রসঙ্গ টেনে আকাশ বলেন, পাথিরানা গত মে মাস থেকে চোটের কারণে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। তাঁর পেছনে ১৮ কোটি টাকা আটকে রাখার কোনো মানে হয় না। এই দুই তারকাকে ছেড়ে দিলেই কেকেআরের পার্সে এক ধাক্কায় ৪৩ কোটি টাকা যোগ হয়ে যাবে। যার ফলে নিলামের টেবিলে সবচেয়ে বেশি অর্থ নিয়ে নামতে পারবে কলকাতা ফ্র্যাঞ্চাইজি।

তবে এই আলোচনার সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু ছিল কেকেআরের নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে। এই প্রসঙ্গে রিঙ্কু সিংয়ের নাম জোরালোভাবে তুলে ধরে আকাশ চোপড়া বলেন, রিঙ্কুকে অধিনায়ক করে দেওয়া উচিত। ফ্র্যাঞ্চাইজি তো অতীতেও তাঁকে দলের সহ-অধিনায়ক বানিয়েছিল, তাই না? তাহলে এবার তাঁকে মূল অধিনায়কের দায়িত্ব দেওয়া হোক। চলতি বছর ইউপি টি-টোয়েন্টি লিগে মীরাট ম্যাভেরিক্স দলকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছেন রিঙ্কু। জীবনের কোনো না কোনো সময়ে কাউকে গভীর জলে ঠেলে দিয়ে দেখতে হয় সে কীভাবে লড়াই করে। নিলাম থেকে অন্য কোনো বড় নাম না পাওয়া গেলে কোনো বিদেশি খেলোয়াড়কে অধিনায়ক করার চেয়ে তিনি নিশ্চিতভাবেই রিঙ্কু সিংয়ের ওপর ভরসা রাখতে চান।

সবমিলিয়ে, আগামী ১৬ ডিসেম্বরের মিনি নিলামের আগে কেকেআরের অন্দরে স্ট্র্যাটেজি বদলানোর যে আবহ তৈরি হয়েছে, তাতে আকাশ চোপড়ার এই পরামর্শ কতটা গুরুত্ব পায়, সেটাই এখন দেখার বিষয়।