রাতের অন্ধকারে দুর্গাপুরে তুলকালাম! সিসিটিভির তার ছিঁড়ে বিজেপির পার্টি অফিসে ব্যাপক তাণ্ডব, ঘনীভূত রহস্য

রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয়ে দুষ্কৃতী তাণ্ডব ও ব্যাপক ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল শিল্পাঞ্চল দুর্গাপুরে। দুর্গাপুর পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ফরিদপুর এলাকায় অবস্থিত বিজেপির ওই কার্যালয়ে হামলার ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। পুরো ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে একদল দুষ্কৃতী ফরিদপুর এলাকার ওই বিজেপি কার্যালয়ে চড়াও হয়। অভিযোগ, হামলার আগে প্রমাণ লোপাট করতে এলাকায় পুলিশের পক্ষ থেকে লাগানো সিসিটিভি ক্যামেরার তার ছিঁড়ে দেওয়া হয়। এমনকি কার্যালয়ের নিজস্ব সিসি ক্যামেরার সংযোগও বিচ্ছিন্ন করে দেয় দুষ্কৃতীরা। এরপর কার্যালয়ের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। কার্যালয়ে থাকা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া হয়। বিজেপির দাবি, দলের শীর্ষ নেতৃত্বের ছবি সম্বলিত ফেস্টুনও রেয়াত করেনি হামলাকারীরা; সেগুলিও ছিঁড়ে তছনছ করা হয়েছে।

শুক্রবার সকালে ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকরা ক্ষতিগ্রস্ত কার্যালয়টি পরিদর্শন করেন এবং এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন। এই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন দুর্গাপুরের ২ নম্বর মণ্ডলের বিজেপির সহ-সভাপতি নিরঞ্জন মণ্ডল। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “এটি অত্যন্ত জঘন্যতম একটি অন্যায়। দলীয় উচ্চ নেতৃত্বের ছবি লাগানো ফেস্টুন পর্যন্ত ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। যারা রাতের অন্ধকারে এই কাণ্ড ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে। আমাদের পুলিশের ওপর পূর্ণ ভরসা রয়েছে। পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করুক, এটাই আমাদের দাবি।”

অন্যদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত, তা দ্রুত খুঁজে বের করা হবে। যেহেতু দুষ্কৃতীরা সিসিটিভির তার ছিঁড়ে দিয়েছে, তাই ক্যামেরা থেকে কতটা ফুটেজ উদ্ধার করা সম্ভব হচ্ছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে।” আপাতত এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।