মাধ্যমিকেই বাজিমাত! ১ টাকাও খরচ না করে কীভাবে মিলবে জেইই-নিটের ফ্রি কোচিং? জানুন বিরাট সুযোগের কথা

ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি মানেই লক্ষাধিক টাকার কোচিং ফি। তবে মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য এই স্বপ্নপূরণ এখন অনেকটাই সহজ করে দিচ্ছে বিহার স্কুল এডুকেশন বোর্ড (BSEB)। ২০২৭-২৯ শিক্ষাবর্ষের জন্য জয়েন্ট এন্ট্রান্স টেস্ট (JEE) মেন এবং ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) ইউজি পরীক্ষার জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা করেছে বোর্ড। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অনলাইন আবেদন প্রক্রিয়া।

যে সমস্ত শিক্ষার্থীরা সদ্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আগামী দিনে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য এটি একটি সোনালী সুযোগ। বিহার বোর্ডের পাশাপাশি সিবিএসই, আইসিএসই বা অন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাস করা ছাত্রছাত্রীরাও এই ফ্রি কোচিংয়ের জন্য আবেদন করতে পারবেন। তবে শর্ত একটাই, দ্বাদশ শ্রেণির পড়াশোনার জন্য ছাত্রছাত্রীকে বিহার বোর্ডের অধীনস্থ কোনো স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে। আগামী ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে।

আবেদন করার জন্য শিক্ষার্থীদের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট coaching.biharboardonline.com-এ গিয়ে নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। আগামী ৬ ডিসেম্বর ২০২৬ (সম্ভাব্য) এই এন্ট্রান্স টেস্ট অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য থাকছে বিশেষ সুযোগ-সুবিধা। নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের পাটনায় বিনামূল্যে আবাসিক কোচিং এবং রাজ্যের ৯টি প্রমণ্ডলে অবৈতনিক বা অ-আবাসিক কোচিংয়ের সুবিধা দেওয়া হবে।

আবাসিক কোচিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের থাকা, খাওয়া এবং পড়াশোনার সমস্ত খরচ বহন করবে বোর্ড। অন্যদিকে, অ-আবাসিক কোচিংয়ে যুক্ত ছাত্রছাত্রীরাও অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে বিনামূল্যে ক্লাস, মানসম্মত স্টাডি মেটেরিয়াল, নিয়মিত মক টেস্ট এবং ডেডিকেটেড ডাউট ক্লিয়ারিং সেশনের সুবিধা পাবেন। ফলে যাঁদের আর্থিক সামর্থ্য ব্যয়বহুল কোচিংয়ের বাধা হয়ে দাঁড়ায়, তাঁদের জন্য এটি কেরিয়ার গড়ার এক ঐতিহাসিক সুযোগ।