মেঘ আর কুয়াশার চরম খেল শুরু! কয়েক ঘণ্টার মধ্যেই মেঘলা আকাশে ঘূর্ণাবর্তের থাবা, আপনার জেলায় বৃষ্টি কখন?

উৎসবের মরশুমেও রাজ্যবাসীর পিছু ছাড়ছে না বৃষ্টির ভ্রুকুটি। যদিও বঙ্গোপসাগরে এই মুহূর্তে নতুন করে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ সতর্কতা নেই, তবুও দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ঘূর্ণাবর্ত এবং অন্ধ্রপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে। ফলে বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত হাওয়া অফিসের তরফে দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। সপ্তাহের শেষেই পারদ পতনের আশার আলো দেখিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকবে। তবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতির বদল ঘটবে এবং সপ্তাহের শেষভাগে শুক্রবার থেকে মূলত শুষ্ক আবহাওয়া ফিরবে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলা যেমন—দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বুধ ও বৃহস্পতিবারের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রাখা হয়েছে।

এদিকে তিলোত্তমা শহর কলকাতার আকাশে সকালের দিকে সামান্য রোদ থাকলেও বেলার দিকে মেঘলা আকাশের আধিক্য বাড়বে। বৃষ্টির মেঘ জমলেও দিনের তাপমাত্রা খুব একটা না বাড়লেও বাড়ছে রাতের পারদ। মঙ্গলবারে শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণও অত্যন্ত বেশি থাকায় কিছুটা অস্বস্তি বজায় থাকবে। তবে বৃহস্পতিবারের পর থেকে আকাশ পরিষ্কার হয়ে সকালের দিকে ঘন কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে এবং চলতি উইকেন্ডেই শীতের আমেজ ফিরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty