নেই রচনা-সৌমিতৃষা, ইমন-তিয়াসারা, ক্ষমতা হারাতেই ‘প্রায় ফাঁকা’ হরিশ চ্যাটার্জি স্ট্রিট!

প্রতি বছরের মতো এ বছরও হরিশ চ্যাটার্জির বাড়িতে অনুষ্ঠিত হলো কালীপুজো। তবে মুখ্যমন্ত্রী পদে না থাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এই পুজোয় যেন সুর কাটল আবহাওয়ার। জাঁকজমক বা পুজোর নিয়মে কোনো খামতি না থাকলেও, ভিড় ও মুখের সমীকরণে দেখা গেল আমূল বদল। তিলোত্তমার যে ভিআইপি ঠিকানায় আগে উৎসবের দিনে টলিউড তারকা থেকে শুরু করে রাজ্য রাজনীতির হেভিওয়েটদের তিল ধারণের জায়গা থাকত না, ছাব্বিশের নির্বাচনে ক্ষমতা হারানোর পর সেই প্রাঙ্গণেই দেখা গেল একেবারে উল্টো ছবি।
রাজ্যে পালাবদলের পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক হেভিওয়েট নেতা দল ত্যাগ করে বিরোধী শিবিরে যোগ দিয়েছেন। ফলস্বরূপ, প্রতি বছর পুজোর তদারকিতে ব্যস্ত থাকা ফিরহাদ হাকিম কিংবা অরূপ বিশ্বাসের মতো চেনা মুখেরা এ বার মমতার বাড়ির পথই মাড়াননি।
দেখা মেলেনি বিনোদন জগতের নিয়মিত মুখ ইমন চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, সোহম বা দেবদেরও। রাজনৈতিক পদের ওঠানামার সঙ্গে সঙ্গে যে সম্পর্কের সমীকরণও বদলে যায়, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এই ফাঁকা উঠোন যেন তারই সাক্ষ্য বহন করছিল।
রাজনীতি ও বিনোদন জগতের অনেকেই মুখ ফিরিয়ে নিলেও এ দিনের পুজোয় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতির আঙিনা থেকে দেখা গেছে সৌগত রায়, বিধানসভার প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ ও দোলা সেনের মতো গুটিকয়েক মুখকে।
আর বিনোদন জগতের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী ময়না বন্দ্যোপাধ্যায়, সুদীপা ও তাঁর স্বামী সৌম্য বক্সী, অভিনেত্রী শুভদ্রা বন্দ্যোপাধ্যায় এবং শ্রেয়া পাণ্ডে।
মেয়েকে নিয়ে পুজোয় যোগ দিয়ে অভিনেত্রী শুভদ্রা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা দুষ্টু মেঘ নই। আমরা সব সময় পাশে থাকি। আসব, মেঘ হবে, একটু বৃষ্টি হলে মেঘ কেটে যাবে— আমরা তেমন নই। দুষ্টু মেঘ যত কেটে যায়, ততই ভালো।” অতীতেও তিনি নিজেকে ‘অকৃতজ্ঞ’ বলতে নারাজ হয়ে মমতার পাশে থাকার বার্তা দিয়েছিলেন।
রাজনীতির ক্ষমতার অলিন্দে থাকুক বা না থাকুক, নিজের ঐতিহ্যে অটল ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতোই এ দিনও চিরাচরিত আটপৌড়ে শাড়িতে নিজের হাতেই দেবী আরাধনার সমস্ত কাজের তদারকি করেছেন তিনি। রাজনৈতিক পদ চলেও উৎসবের এই ঘরোয়া নিষ্ঠা বজায় রাখলেও, ক্ষয়িষ্ণু ভিড় যেন স্পষ্ট করে দিল রাজনীতির এক নির্মম বাস্তবতা।