মৃত্যুদণ্ড মাথায় নিয়েই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা? ভারত থেকে পাঠানো গোপন চিঠিতে তোলপাড় ঢাকা!

ভারতে স্বেচ্ছা-নির্বাসনে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন। গত ২০২৪ সালে ছাত্র-জনতার প্রবল গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (NID) আবেদন জানিয়েছেন তিনি। সোমবার দিল্লির বাংলাদেশ দূতাবাসে তাঁর আইনজীবীরা এই সংক্রান্ত একটি চিঠি জমা দিয়েছেন। রয়টার্সের হাতে আসা নথি অনুযায়ী, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার যে পরিকল্পনার কথা তিনি আগেই প্রকাশ করেছিলেন, এই কূটনৈতিক আর্জিকে তা বাস্তবায়নের সবচেয়ে বড় ও স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইনি সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে এই চিঠি পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি বাতিল করায় তিনি নতুন পরিচয়পত্র ও পাসপোর্ট ইস্যুর জন্য আবেদন করছেন। আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি ও বাংলাদেশি নাগরিকত্বের মৌলিক অধিকারের ওপর ভিত্তি করে এই আবেদন দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়েছে।

অন্যদিকে শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীরা নিশ্চিত করেছেন যে, সমস্ত আইনি ও কূটনৈতিক আনুষ্ঠানিকতা শেষ হওয়া মাত্রই তাঁর দেশে ফেরার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে হাসিনা আগেই জানিয়েছিলেন যে, তিনি দেশে ফিরে স্বশরীরে আদালতের মুখোমুখি হতে প্রস্তুত। উল্লেখ্য, আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের নির্দেশ জারি করেছে। নির্বাসনে থাকা অবস্থাতেই হাসিনা শুরু থেকেই এই সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন।

দীর্ঘ দুই দশক ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনার এই প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে চরম অস্থিরতা তৈরি করতে পারে। তাঁর দল আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ এবং বহু শীর্ষ নেতা হয় কারাগারে নতুবা বিদেশে পলাতক। তবে দেশে তাঁর অনুগামীদের একাংশের সমর্থন এখনও অটুট রয়েছে। ফলে বর্তমান সরকারের আমলে এই ফেরা বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনেও নতুন মোড় আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।