নিষিদ্ধ বাজির তাণ্ডবে তছনছ কলকাতার বাতাস! রাজধানীর AQI ১৭১৩, বায়ু দূষণে ভারতের সেরা ১০-এ কে কে?

দীপাবলির আলোর উৎসব শেষ হতে না হতেই বাজির বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে কলকাতার আকাশ। সরকারি সমস্ত নিষেধাজ্ঞা ও নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে রাতভর দেদার বাজি ফাটানোর জেরে মধ্যরাতেই শহরের বাতাসের গুণমান ভয়াবহ রূপ নেয়। রাত দুটো নাগাদ কলকাতার গড় বায়ুর গুণমান সূচক বা একিউআই (AQI) পৌঁছে যায় ৪৩৭-এ, যা অত্যন্ত বিপজ্জনক বলে গণ্য করা হয়।
দূষণের মাত্রা বিশ্লেষণে দেখা গেছে, দীপাবলির রাতে শহরের বাতাসে অতি সূক্ষ্ম ধূলিকণা পিএম ২.৫-এর পরিমাণ ছিল প্রতি ঘনমিটারে ২৯৩ মাইক্রোগ্রাম এবং পিএম ১০-এর মাত্রা ছিল ৩৫৪ মাইক্রোগ্রাম। সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল উত্তর কলকাতায়—কাঁকুড়গাছিতে একিউআই পৌঁছে যায় ৬১০-এ! এছাড়া মানিকতলায় ৫৩৮, বেনিয়াপুকুরে ৫২৮ এবং সল্টলেকে ৬৬২ পর্যন্ত দূষণ রেকর্ড করা হয়েছে। দক্ষিণ ও মধ্য কলকাতাও এই বিষাক্ত বাতাসের হাত থেকে রেহাই পায়নি।
এদিকে কলকাতার পরিস্থিতি উদ্বেগজনক হলেও দেশের সবচেয়ে দূষিত ১০টি শহরের তালিকায় ঠাঁই হয়নি তিলোত্তমার। তালিকায় শীর্ষে থাকা দিল্লির বাতাস গত বছরের চেয়েও ভয়াবহ রূপ নিয়েছে, যেখানে মধ্যরাতে একিউআই পৌঁছায় ১৭১৩-তে! পরবর্তী স্থানগুলোতে রয়েছে ইন্দোর (১৫৯৭), উজ্জয়িনী (১৫৩০), রতলম (১২৭০) ও গাজিয়াবাদ (১০৫০)। আন্তর্জাতিক দূষিত শহরের তালিকায় কলকাতার স্থান বর্তমানে ৭২ নম্বরে।
এই পরিস্থিতিতে চরম উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট ফুসফুস বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, একিউআই ৪০০ ছাড়ালে সুস্থ মানুষেরও শ্বাসযন্ত্রের মারাত্মক ক্ষতি হতে পারে। হাঁপানি, সিওপিডি ও অ্যালার্জি রোগীদের খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সকালে বাইরে বের না হওয়া, জানলা বন্ধ রাখা এবং বেরোলে অবশ্যই এন-৯৫ মাস্ক ব্যবহারের আর্জি জানিয়েছেন চিকিৎসকরা।