৮ম বেতন কমিশনে লটারি লাগছে রেলকর্মীদের? ন্যূনতম বেতন লাফিয়ে ৬৯,০০০ টাকা করার বিরাট দাবি!

৮ম বেতন কমিশন গঠিত হওয়ার পর থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েমেন (NFIR) ৮ম বেতন কমিশনের কাছে রেলকর্মীদের জন্য একগুচ্ছ ঐতিহাসিক ও বড় ধরণের সুবিধার দাবি জানিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দাবিটি হলো—রেলকর্মীদের ন্যূনতম মূল বেতন বাড়িয়ে ৬৯,০০০ টাকা করা।
বর্তমানে ৭ম বেতন কমিশনের অধীনে কর্মচারীদের ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা। NFIR নতুন বেতন কাঠামোয় ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থেকে বাড়িয়ে ৩.৮৩৩ করার প্রস্তাব দিয়েছে। যদি এই ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর গৃহীত হয়, তবে মূল বেতন সরাসরি লাফিয়ে প্রায় ৬৯,০০০ টাকায় পৌঁছাবে।
ইনক্রিমেন্ট ও পদোন্নতিতে বড় পরিবর্তনের প্রস্তাব:
সংগঠনটি বার্ষিক বেতন বৃদ্ধির (ইনক্রিমেন্ট) হার বর্তমানের ৩% থেকে বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ ৬% করার জোর আর্জি জানিয়েছে। একইসঙ্গে প্রতিটি ইনক্রিমেন্টে যাতে কর্মচারীরা ন্যূনতম ১০,০০০ টাকার আর্থিক সুবিধা পান, সেই প্রস্তাবও পেশ করা হয়েছে। এছাড়া, কর্মজীবনে একই গ্রেডে বছরের পর বছর আটকে থাকা রোধ করতে পুরো চাকরিজীবনে অন্তত ৫টি বাধ্যতামূলক পদোন্নতির (Promotion) দাবি তোলা হয়েছে।
ডিএ, পেনশন ও অন্যান্য সুবিধা:
NFIR-এর প্রস্তাব অনুযায়ী, মহার্ঘ ভাতা (DA) ২৫%-এ পৌঁছলেই তা মূল বেতনের সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মীদের স্বস্তি দিতে পেনশন শেষ প্রাপ্ত বেতনের ৫০% থেকে বাড়িয়ে ৬৭% এবং পারিবারিক পেনশন ৫০% করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি, কমিউটেড পেনশন পুনরুদ্ধারের সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১১ বছর করার কথা জানানো হয়েছে।
কবে চালু হবে এই নতুন সুবিধা?
২০২৫ সালের ৩ নভেম্বর ৮ম বেতন কমিশন গঠিত হয়েছে এবং কমিশনকে ১৮ মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেই হিসেবে ২০২৭ সালের মে মাসের মধ্যে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা পড়ার কথা। তাই ৬৯,০০০ টাকার মূল বেতন বা ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাবটি এখনও সুপারিশ মাত্র; চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের ওপর নির্ভর করছে।