লাল দুর্গ তো ভেঙেছেই, এবার বইয়ের রাজনীতি নিয়ে চরম আক্রমণ! ঠিক কী বিস্ফোরক দাবি করলেন দিলীপ?

রাজ্যে বুক স্টল ভাঙচুরের অভিযোগে সম্প্রতি সরব হয়েছিল বাম দলগুলি। এবার সেই ইস্যুতে বাম নেতাদের চরম খোঁচা দিলেন রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। মুর্শিদাবাদে দাঁড়িয়ে এক প্রকাশ্য মন্তব্যে তিনি দাবি করেন, বামপন্থীদের বুক স্টলে আজকাল আর কেউ বই পড়তে যায় না, এমনকি বামেরা নিজেরাও পড়াশোনা করেন না। কটাক্ষের সুর আরও চড়িয়ে তাঁদের সরাসরি বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।মুর্শিদাবাদের অনুষ্ঠান থেকে বামেদের আক্রমণ শানিয়ে দিলীপ ঘোষ বলেন, “ওদের বুক স্টলে কেউ বাধা দেয়নি। নিজেদের ঝামেলা নিজেরা করে শুধু খবরে আসার চেষ্টা করছেন।” তিনি প্রশ্ন তোলেন, “বামপন্থীদের এই বুক স্টলে কে বই পড়ে? সাধারণ মানুষ তো বটেই, ওরা নিজেরাও নিজেদের বই পড়ে না। এরকম স্টলগুলোকে মিউজিয়াম বানিয়ে রেখে কী লাভ?” নিজের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জীবনের স্মৃতি তুলে ধরে তিনি যোগ করেন, “গত ৪০-৪৫ বছর ধরে আমি জাতীয়তাবাদী আন্দোলনের সাথে যুক্ত। আমরা যখন জাতীয়তাবাদী বইয়ের স্টল করতে যেতাম, তখন একটা বাঁশ পর্যন্ত পুততে দেওয়া হতো না। অথচ আজ ওরা বাধা দেওয়ার কাল্পনিক অভিযোগ তুলছে।”এখানেই না থেমে বামপন্থীদের তীব্র তিরস্কার করে মন্ত্রী আরও জানান, বিশ্ব রাজনীতি থেকে বামেরা আজ বিলুপ্তপ্রায়। “সারা বিশ্বের মানুষ যখন ওদের ছুঁড়ে ফেলে দিয়েছে, তখন কেন ওদের এখানে লালন-পালন করে মিউজিয়ামে রাখা হবে?” প্রশ্ন তোলে তিনি খোঁচা দেন, “ওদের প্রতি আমাদের কোনো মায়া নেই। যেখানে ওদের জায়গা আছে, ওরা বরং বাংলাদেশে চলে যাক।”