দিওয়ালির মুখেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড! মধ্যরাতে দাউداউ করে জ্বলল দিল্লির বিখ্যাত বাজার

দীপাবলির উৎসবে যখন মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে সমগ্র দেশ, ঠিক তখনই উৎসবের মরসুমে রাজধানীতে নেমে এল ঘোর অন্ধকার। দিল্লির অত্যন্ত ব্যস্ত এবং জনপ্রিয় বাজার এলাকা করোলবাগের গফ্ফর মার্কেটে বৃহস্পতিবার মধ্যরাতে ঘটল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে একাধিক দোকান।
সূত্রের খবর, রাত প্রায় দেড়টা নাগাদ করোলবাগের পুরী প্লাজা এলাকার একটি বহুতলে আচমকাই আগুন ধরে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে মুহূর্তের মধ্যে সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২০টি ইঞ্জিন এবং একাধিক অ্যাম্বুলেন্স। স্থানীয় পুলিশ প্রশাসন ও রাতভর দমকলকর্মীদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বহুতলের একতলায় অবস্থিত একটি মোবাইল সরঞ্জামের দোকান থেকেই আগুনের সূত্রপাত। ধারণা করা হচ্ছে, দোকানে থাকা মোবাইলের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে ফেটে যাওয়ার কারণেই এই বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হলেও, সৌভাগ্যবশত এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।