ধনতেরাস ও দীপাবলির কেনাকাটায় বেরোচ্ছেন? নয়ডায় রুটে রুটে বিশাল পরিবর্তন, ট্রাফিক পুলিশের জরুরি অ্যাডভাইজরি জারি

উৎসবের মরসুমে ধনতেরাস ও দীপাবলির কেনাকাটাকে কেন্দ্র করে চরম ভিড়ের আশঙ্কা নয়ডার বাজার ও শপিং মলগুলিতে। বিশেষ করে আত্তা মার্কেট এবং সেক্টর ১৮-এর মতো ব্যস্ত বাণিজ্য কেন্দ্রগুলিতে যানজট সামাল দিতে আগেভাগেই সতর্ক নয়ডা ট্রাফিক পুলিশ। মসৃণ যান চলাচল বজায় রাখতে আগামী ৫ই নভেম্বর থেকে ৮ই নভেম্বর পর্যন্ত একটি বিশেষ ট্রাফিক নির্দেশিকা (Traffic Advisory) এবং রুট পরিবর্তনের বিস্তারিত পরিকল্পনা জারি করেছে প্রশাসন।
কেনাকাটা করতে বাড়ি থেকে বেরোনোর আগে ট্রাফিক পুলিশের এই নতুন নোটিশটি দেখে নেওয়া এবং অপ্রয়োজনীয় যানজট এড়াতে ব্যক্তিগত গাড়ির বদলে মেট্রো বা গণপরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন।
কোন কোন রাস্তায় থাকছে ডায়ভারশন বা বিকল্প রুট?
নয়ডার সবচেয়ে বড় শপিং হাব সেক্টর ১৮ এবং আত্তা মার্কেটে যানজট কমাতে একাধিক ট্রাফিক ডায়ভারশন কার্যকর করা হচ্ছে:
আত্তা পীর থেকে আত্তা চকগামী গাড়ি: এই রুটের যানবাহনগুলিকে আত্তা পীর থেকে বাঁ দিকে মোড় নিয়ে রাই রেসিডেন্সি চকের দিকে যেতে হবে। এরপর ডান দিকে ঘুরে কেমব্রিজ স্কুলের ফ্লাইওভারের নিচ থেকে ইউ-টার্ন নিয়ে সেক্টর ২৮ কার মার্কেটের ভেতর দিয়ে গন্তব্যে পৌঁছাতে হবে।
আত্তা চক থেকে আত্তা পীরগামী গাড়ি: আত্তা চক থেকে আত্তা পীরের দিকে যাওয়া গাড়িগুলিকে বাঁ দিকে ঘুরিয়ে জিআইপি (GIP) মলের সামনে ফিল্ম সিটি ফ্লাইওভারের নিচ থেকে ইউ-টার্ন নিয়ে ডিএলএফ বা সেন্টার স্টেজ মলের মধ্য দিয়ে যাতায়াত করতে বলা হয়েছে।
ফিল্ম সিটি ও গুরুদ্বার থেকে সেক্টর ১৮ মেট্রো স্টেশনের দিক: এই রুটের সমস্ত হালকা ও যাত্রীবাহী গাড়িকে সেক্টর ১৮ আন্ডারপাস ব্যবহার করে গন্তব্যে যেতে হবে।
পণ্যবাহী যানের ওপর কড়া নিষেধাজ্ঞা:
উৎসবের দিনগুলিতে নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে ভারী, মাঝারি এবং হালকা যেকোনো ধরণের পণ্যবাহী বা মালবাহী যানবাহনের প্রবেশ ও যাতায়াত সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। দাদরি শহর এলাকাতেও লুহার্লি টোল থেকে শুরু করে এনটিপিসি রুটে একইভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে।
পুলিশের স্পষ্ট নির্দেশ, কেনাকাটা করতে এসে যত্রতত্র গাড়ি পার্ক না করে নির্ধারিত পার্কিং জোনেই যেন গাড়ি রাখা হয়, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।