আদালতে যাওয়ার পথেই শেষ সব! ৬ লেনের হাইওয়েতে ছিটকে গেল গাড়ি, মর্মান্তিক পরিণতি নারী বিচারকের

দৈনন্দিন কাজের অংশ হিসেবে আগ্রার বাড়ি থেকে নিজের গাড়িতে করে আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু সেই যাত্রাই যে তাঁর জীবনের শেষ যাত্রা হবে, তা কে জানত! উত্তর প্রদেশের ফিরোজাবাদে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেন জেলা ভোক্তা ফোরামের (Consumer Forum) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোনম চতুর্বেদী।
বুধবার সকালে আগ্রা-ফিরোজাবাদ ৬ লেনের হাইওয়েতে মাখনপুর থানা এলাকার বিলটিগড় মোড়ের ঠিক আগে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা?
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোনম চতুর্বেদী আগ্রার তাজগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও তিনি নিজের গাড়িতে করে ফিরোজাবাদ আদালতে যাচ্ছিলেন। ফিরোজাবাদ বাইপাসের ছয় লেনের সড়কে মাখনপুর থানা এলাকার বিলটিগড় মোড়ের কাছাকাছি পৌঁছালে আচমকাই তাঁর গাড়িটির সামনে থাকা অপর একটি যানবাহনের সাথে সজোড়ে ধাক্কা লাগে। গতি বেশি থাকায় সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক ওপরেই একাধিকবার উল্টে যায়।
উদ্ধার ও হাসপাতালে শেষরক্ষা হয়নি:
দুর্ঘটনার তীব্রতা দেখে তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। মাখনপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পৌঁছাতেই বিচার বিভাগীয় কর্মকর্তা, সহকর্মী ও তাঁর পরিবারের মধ্যে চরম শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা পৌঁছানোর পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে।