মুক্তির আগেই ৬৬৫ কোটির ব্যবসা! থিয়েটারে পড়ার আগেই বক্স অফিস কাঁপিয়ে দিল শাহরুখ খানের ‘কিং’

শাহরুখ খানের ছবি মানেই বক্স অফিসে নতুন কোনো ইতিহাস তৈরি হওয়া। আর সেই প্রত্যাশার আঁচ এবার হাতেনাতে মিলছে তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর প্রি-রিলিজ ব্যবসায়। সিনেমাটি এখনও বড়পর্দায় মুক্তি না পেলেও, মুক্তির আগেই বিভিন্ন স্বত্ব বা রাইটস বিক্রি করে ছবির মেগা ব্যবসা পৌঁছে গিয়েছে একেবারে আকাশছোঁয়া অঙ্কে। জনপ্রিয় বিনোদন পোর্টাল ও একাধিক বাণিজ্য প্রতিবেদনের দাবি অনুযায়ী, প্রি-রিলিজ ডিলের মাধ্যমে ছবিটি ইতিমধ্যেই প্রায় ৬৬৫ কোটি টাকা ঘরে তুলে ফেলেছে।

কীভাবে এল এই বিশাল অঙ্কের ব্যবসা?পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তৈরি এই ছবিটিকে ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। ছবির থিয়েটারিকাল রাইটস, ওটিটি চুক্তি এবং অন্যান্য স্বত্ব বিক্রি থেকেই এই রেকর্ড পরিমাণ অর্থ এসেছে। রিপোর্ট অনুযায়ী, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ডিস্ট্রিবিউশন এবং স্যাটেলাইট-মিউজিক রাইটস বিক্রির মাধ্যমেই এই বিশাল অঙ্ক ছুঁয়েছে নির্মাতারা। তবে বিপুল অঙ্কের এই প্রি-রিলিজ ব্যবসার পাশাপাশি ছবিটির নির্মাণ খরচ ও বাজেটও যথেষ্ট বেশি, ফলে বক্স অফিসে সাফল্যের জন্য বড় চ্যালেঞ্জের মুখেও পড়তে হতে পারে ছবিটিকে।

বড়দিনের উপহার ও কাউন্টডাউন শুরু: সব ঠিকঠাক থাকলে আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ অর্থাৎ বড়দিনের ছুটিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’। ছবির প্রচার ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে। গত ২ নভেম্বর, নিজের জন্মদিনের বিশেষ দিনে ছবির প্রথম গান অনুরাগীদের উপহার দিয়েছেন খোদ শাহরুখ খান। সবমিলিয়ে, মুক্তির কাউন্টডাউন শুরু হতেই বলিউড পাড়ায় এখন একটাই চর্চা— বক্স অফিসে ঠিক কত দূর এগোবে কিং খান ও তাঁর কন্যার এই নতুন মেগা প্রজেক্ট?