“২৪ ঘণ্টা পার, ভয় পাবেন না মোদীজি!” প্রধানমন্ত্রীকে ফের সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন রাহুল গান্ধী

লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী মঙ্গলবার একটি নতুন ভিডিও বার্তা প্রকাশ করে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। প্রায় ১ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিওটিতে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি খোলামেলা আলোচনার আসরে বসার দাবি জানিয়েছেন।
ভিডিওতে রাহুল গান্ধীকে বলতে শোনা যায়, “মোদীজি, ২৪ ঘণ্টা পার হয়ে গেছে। আমি আপনাকে চ্যালেঞ্জ জানিয়েছি। আপনি তো বলেন বিরোধী দলে ‘বিশ্বাসঘাতক’ রয়েছে। তাহলে এবার যেকোনো মঞ্চ বেছে নিন, জায়গা ঠিক করুন এবং আমার সঙ্গে সরাসরি বিতর্কে অংশ নিন।”
প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশে আরও আক্রমণ শানিয়ে রাহুল বলেন, “আসল বিশ্বাসঘাতক কে? বিদেশি শক্তির সঙ্গে কাদের যোগাযোগ রয়েছে এবং সেই যোগাযোগ ঠিক কী ধরনের?—দেশবাসীর সামনে এসব স্পষ্ট হোক। ভয় পাবেন না, আসুন যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে মুখোমুখি কথা বলি।”
প্রধানমন্ত্রীর করা আগের একটি মন্তব্যের সূত্র ধরেই রাহুলের এই নতুন চ্যালেঞ্জকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে এখন নতুন করে উত্তাপ ছড়াতে শুরু করেছে।