হঠাৎ জলের তোড়ে ভেসে গেল সাইকেল সহ দুই শ্রমিক! বীরভূমের ব্রাহ্মণী নদীতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর মহাতল্লাশি

কাজ শেষ করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল বীরভূম জেলা। ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে জলের তোড়ে তলিয়ে গেলেন দুই রাজমিস্ত্রি। স্থানীয়দের প্রচেক্ষায় একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও, অপর এক শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারে মঙ্গলবার সকাল থেকে স্পিড বোট ও ডুবুরি নামিয়ে লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল।
ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে নলহাটি থানার বিলকান্দি গ্রামের কাছে ব্রাহ্মণী নদীতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ শ্রমিকের নাম সূর্য পাল (৩৪)। পেশায় রাজমিস্ত্রি সূর্য ও তাঁর এক বন্ধু সোমবার বিকেলে কাজ সেরে সাইকেল নিয়ে ওই নদীর ওপর দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই হঠাৎ করে নদীর জলের তোড় অনেকটাই বেড়ে যায় এবং স্রোতের টানে সাইকেলসহ দুজনেই জলে তলিয়ে যান।
তাঁদের আর্তনাদ শুনতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন এবং নলহাটি থানায় খবর দেন। পুলিশ আসার আগেই স্থানীয় বাসিন্দারা এক শ্রমিককে কোনমতে উদ্ধার করতে সক্ষম হলেও, সূর্য পালের আর কোনও খোঁজ মেলেনি। সারারাত ধরে পুলিশ তল্লাশি চালায়। এরপর মঙ্গলবার সকাল থেকে বিপর্যয় মোকাবিলা দল ও স্পিড বোট নামিয়ে নদীতে তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, ঝাড়খণ্ড থেকে উৎপন্ন হওয়া ব্রাহ্মণী নদী বীরভূমের নারায়ণপুর দিয়ে রাজ্যে প্রবেশ করে মুর্শিদাবাদের ওপর দিয়ে ভাগীরথীতে মিশেছে। এর আগেও এই নদীতে জল বাড়ায় বিপদের নজির রয়েছে। উৎসবের আবহে এই আকস্মিক দুর্ঘটনায় বিলকান্দি গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ শ্রমিকের সন্ধানে নদীর বিভিন্ন প্রান্তে তল্লাশি চলছে।