কলকাতার বুকে নাচবে ইতিহাস! জ্ঞানমঞ্চে মহাতারকাদের মেগা ডান্স ফেস্টিভ্যাল ঘিরে কিসের উন্মাদনা?

নৃত্যশিল্পের ঐতিহ্য, শাস্ত্রীয় নৃত্যের বৈচিত্র্য এবং সমকালীন সৃজনশীল ভাবনার এক অভূতপূর্ব মেলবন্ধনে কলকাতার সাংস্কৃতিক আঙিনায় অনুষ্ঠিত হতে চলেছে বহুল প্রতীক্ষিত নৃত্যোৎসব ‘অনাহত নাদ ২০২৬’। আগামী ৭ নভেম্বর কলকাতার ঐতিহ্যবাহী জ্ঞান মঞ্চে ‘সুলগ্না অ্যাকাডেমি ট্রাস্ট’-এর উদ্যোগে এই বর্ণাঢ্য বার্ষিক নৃত্যোৎসাবের আয়োজন করা হয়েছে। এই বিশেষ সন্ধ্যায় এক সুদৃশ্য মঞ্চে মিলিত হবেন দেশের বিশিষ্ট নৃত্যগুরু ও প্রতিশ্রুতিমান নবীন শিল্পীরা। ওড়িশি, ভরতনাট্যম, কত্থক এবং রবীন্দ্রনৃত্যের মতো ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একাধিক মোহময় পরিবেশনা এবারের উৎসবের মূল আকর্ষণ হতে চলেছে, যা দেখতে ইতিমধ্যেই শিল্পপ্রেমীদের মধ্যে টিকিটের চাহিদা তুঙ্গে উঠেছে।
এ বছরের অনুষ্ঠানে অন্যতম বড় আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাতে চলেছেন বিশিষ্ট শিল্পী সম্রাট দত্ত এবং তাঁর সুযোগ্য শিষ্য শান্তনু রায়, যাঁদের ভরতনাট্যমের নিবেদন দর্শকদের মন্ত্রমুগ্ধ করবে। পাশাপাশি, প্রখ্যাত কত্থকশিল্পী সৌরভ চক্রবর্তীর গতিশীল ও ছান্দসিক নৃত্যনিবেদনও এ সন্ধ্যার অন্যতম পাওনা। ওড়িশি নৃত্যের চিরায়ত মার্গীয় পরিবেশনার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে এই প্রাচীন নৃত্যশৈলীর নিখুঁত সৌন্দর্য, জটিল তাল, লয়, সুদৃশ্য ভঙ্গিমা ও অভিনয়ের বৈচিত্র্য। উৎসবের অন্যতম উল্লেখযোগ্য মুহূর্ত হলো বিশিষ্ট শিল্পী সুলগ্না ভট্টাচার্যের একক ওড়িশি পরিবেশনা। কবি জয়দেবের অমর সৃষ্টি ‘গীতগোবিন্দ’ কাব্য অবলম্বনে এই মনোমুগ্ধকর পরিবেশনায় নৃত্যের সুক্ষ্ম ছন্দে ফুটে উঠবে রাধাকৃষ্ণের প্রেম, বিরহ, আকুলতা এবং পরম আত্মসমর্পণের চিরন্তন অনুভূতি। কাব্য, সুর ও ভাবাবেগের অনন্য মেলবন্ধনে ভক্তি এবং মানবীয় অনুভূতির এক বিশেষ নান্দনিক রূপ মঞ্চে তুলে ধরার প্রয়াস চালাবেন শিল্পীরা।
নৃত্য পরিবেশনার পাশাপাশি চলতি বছরের উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হলো সুলগ্না অ্যাকাডেমি ট্রাস্টের একেবারে নতুন এবং মেগা নৃত্যপ্রযোজনা ‘দুর্গা’। দেবী দুর্গার বহুমাত্রিক রূপ, চিরন্তন নারীশক্তির মহিমা এবং মহাশক্তির সৃষ্টি, স্থিতি ও সংহারের দার্শনিক তত্ত্বকে নিপুণ নৃত্যশৈলী, সুর ও নাটকীয় অভিব্যক্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। শুধু নৃত্য প্রদর্শনই নয়, শিল্পচর্চার গভীর দিকগুলি নিয়ে আলোচনারও একটি বিশেষ পরিসর রাখা হয়েছে এবারের ‘অনাহত নাদ’-এ। উৎসবের একটি বিশেষ পর্বে মঞ্চস্থ হবে ‘ওড়িশি নৃত্য ও তার ভবিষ্যৎ’ শীর্ষক একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা সভা। দেশের বিশিষ্ট আমন্ত্রিত শিল্পীদের সরব উপস্থিতিতে এই সেমিনারে উঠে আসবে ওড়িশি নৃত্যের ঐতিহ্য ও বিবর্তন, আধুনিক শিক্ষা পদ্ধতি, গুরু-শিষ্য পরম্পরার বর্তমান প্রাসঙ্গিকতা এবং আগামী প্রজন্মের তরুণ শিল্পীদের সামনে তৈরি হওয়া নতুন সম্ভাবনার বিভিন্ন দিক।
আয়োজকদের মূল ভাবনায়, ‘অনাহত নাদ’ কেবল একটি প্রথাগত বার্ষিক নৃত্যোৎসব নয়; এটি ভারতীয় নৃত্যসংস্কৃতির প্রাচীন ঐতিহ্যকে সংরক্ষণ, শুদ্ধ শিল্পচর্চার প্রসার এবং বিভিন্ন প্রজন্মের শিল্পীদের মধ্যে একটি সৃজনশীল মেলবন্ধন গড়ে তোলার মহৎ প্রয়াস। প্রবীণ ও প্রতিষ্ঠিত শিল্পীদের সমৃদ্ধ অভিজ্ঞতার পাশাপাশি নবীন শিল্পীদের সৃজনশীল ভাবনা ও অনুসন্ধিৎসাকে একই মঞ্চে জায়গ করে দেওয়াই এই উৎসবের মূল উদ্দেশ্য। আগামী ৭ নভেম্বর কলকাতার জ্ঞান মঞ্চের এই মেগা ইভেন্ট ঘিরে কলকাতার সংস্কৃতিপ্রেমী মহলে এখন থেকেই চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।