পুজোয় টাকার ফোয়ারা! অক্টোবরে জিএসটি সংগ্রহে রেকর্ড ভাঙল বাংলা, জানলে চোখ কপালে উঠবে

উৎসবের মরশুমে দেশের অর্থনীতিতে জোয়ারের স্পষ্ট ছবি। চলতি বছরের অক্টোবর মাসে দেশে গ্রস গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST) বা জিএসটি আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ লক্ষ ৩১ হাজার কোটি টাকা। গত বছরের একই মাসের তুলনায় যা ২২.৯ শতাংশ বেশি। সরকারি তথ্য অনুযায়ী, চলতি অর্থবর্ষের প্রথম সাত মাসে (এপ্রিল থেকে অক্টোবর) মোট জিএসটি সংগ্রহের পরিমাণ পৌঁছেছে ১৪.৭৮ লক্ষ কোটি টাকায়, যা গত বছরের তুলনায় ১৩.২ শতাংশ বেশি।

এই সর্বভারতীয় রেকর্ডের পাশাপাশি কর আদায়ের ক্ষেত্রে দুর্দান্ত অগ্রগতি করেছে পশ্চিমবঙ্গও। উৎসবের আবহে দারুণ চাঙ্গা রয়েছে রাজ্যের অর্থনীতি ও বাজার। যার জেরে অক্টোবরে রাজ্যে জিএসটি সংগ্রহ ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ছাড়িয়ে গেছে ৬ হাজার ০৫৫ কোটি টাকা। রাজ্যবাসীর উৎসবের কেনাকাটা ও ব্যবসার রমরমার ফলেই রাজস্ব আদায়ের এই ঊর্ধ্বমুখী গ্রাফ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।