‘দিয়ার কাছ থেকে উৎসব শেখার দরকার নেই!’ বিজেপি নেতার হুঙ্কার, সোশ্যাল মিডিয়া থেকে অভিনেত্রীর ভিডিও মুছল পুরসভা

দূষণমুক্ত ও পরিবেশবান্ধব দীপাবলি পালনের বার্তা দিতে গিয়ে বড়সড় বিতর্কের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। মুম্বই বিজেপির তীব্র আপত্তির মুখে পড়ে শেষমেশ অভিনেত্রীর একটি সচেতনতামূলক বার্তা ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলতে বাধ্য হলো বৃহন্মুম্বই পুরসভা (BMC)।
আদালতের নির্দেশে বিএমসি-র বিশেষ উদ্যোগ:
শহরের ক্রমাগত বাড়তে থাকা বায়ুদূষণ নিয়ন্ত্রণে বোম্বে হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশিকাকে সামনে রেখে একটি বিশেষ প্রচার অভিযান শুরু করেছিল বিএমসি। মূল উদ্দেশ্য ছিল নাগরিকদের পরিবেশবান্ধব উপায়ে দীপাবলি উদযাপনে উৎসাহিত করা এবং বাজি না ফাটানোর আবেদন জানানো। সচেতনতা বাড়াতে এই প্রচার অভিযানের অংশ হিসেবে বলিউড তারকা দিয়া মির্জা, মাধুরী দীক্ষিত এবং ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের বিশেষ ভিডিও বার্তা রেকর্ড করা হয়।
‘আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি গভীরে প্রোথিত’:
তবে বিএমসি-র এই প্রচার অভিযানে দিয়া মির্জার উপস্থিতি নিয়ে তীব্র আপত্তি তোলেন মুম্বই বিজেপির সভাপতি অমিত সাতম। প্রথা ও সংস্কৃতির কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় তোপ দেগে তিনি লেখেন, “কীভাবে দীপাবলি পালন করতে হবে, সে বিষয়ে দিয়া মির্জার কাছ থেকে আমাদের পাঠ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের ঐতিহ্য ও রীতিনীতি সংস্কৃতির গভীরে প্রোথিত।”
বিজেপি সভাপতির এই কড়া সমালোচনার পরেই নড়েচড়ে বসে পুর কর্তৃপক্ষ। বিতর্ক এড়াতে তড়িঘড়ি নিজেদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে অভিনেত্রীর সচেতনতামূলক ভিডিওটি পুরোপুরি সরিয়ে নেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে বলিপাড়া ও রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।